প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:০৬
হারিয়ে যাওয়া চিরচেনা গ্রামীণ ঐতিহ্য নবান্ন উৎসব ফিরিয়ে আনতে কৃষকদের নিয়ে নবান্ন উৎসব উদযাপন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্র। সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের কৃষকদের নিয়ে বিনা উপকেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই রঙিন কুলাতে নবান্নের বার্তা নিয়ে নবান্ন রালি অনুষ্ঠিত হয়। পরে বিনা উদ্ভাবিত নতুন ধান বিনা ২৮ এর কর্তন ও মাঠ দিবসের আলোচনা করা হয়। ধান কর্তন শেষে কৃষকের কন্ঠে গান ও খাবার পরিবেশনের আয়োজন ছিল। সবশেষে বিনামূল্যে বোরো বীজ বিতরণ করা হয়।
.jpg)
মোল্লাপাড়া ইউনিয়নের কৃষক জামাল মিয়া বলেন, আগে রুট (নবান্ন উৎসব) আয়োজন হতো। নতুন চালের পিঠা বানানো হতো। এখন আর এগুলো নেই। দেশে নতুন কালচার আসছে। এখন নতুন নতুন আয়োজন হয়। অনেক দিন পর কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিয়েছি।
আলোচনা সভায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক বলেন, পহেলা অগ্রহায়ণ উপলক্ষে শতাধিক কৃষককে নিয়ে র্যালি, বিনা ধান—২৮—এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তনের আয়োজন করা হয়। পাশাপাশি কৃষকদের সঙ্গে জাতটির উদ্ভাবক বিজ্ঞানীর মতবিনিময় এবং বিনা উদ্ভাবিত বোরো মৌসুমের বিভিন্ন জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
.jpg)
বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা ধান—২৮ এর উদ্ভাবক ড. মো. মাহমুদুল হাসান বলেন, বিনা ধান—২৮ জাতের শীষ লম্বা ও ঘন। প্রতিটি শীষে ২০০টির বেশি পুষ্ট দানা থাকতে পারে। ফলে ফলনও তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচলিত সুগন্ধি আমন ধানের জাতগুলোর তুলনায় বিনা ধান—২৮—এর ফলন হেক্টর প্রতি দেড় থেকে দুই টন বেশি হতে পারে। জাতটির সম্ভাব্য ফলন হেক্টরপ্রতি সাড়ে পাঁচ থেকে ছয় টন, যা বিঘাপ্রতি প্রায় ২২ থেকে ২৫ মণ।
তিনি বলেন, বিনা ধান—২৮—এর চাল সুগন্ধিযুক্ত ও সুস্বাদু। রান্নার পর ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত ভাত ভালো থাকে। এ চালে অ্যামাইলোজের পরিমাণ ২৭ দশমিক ৪২ শতাংশ হওয়ায় ভাত ঝরঝরে হয়। জাতটির জীবনকাল ১২০ থেকে ১২৫ দিন। ফলে ধান কাটার পর কৃষকেরা একই জমিতে সরিষা, পেঁয়াজ ও আলুর মতো রবি ফসল চাষ করতে পারবেন। এ জাতের চাষে বিশেষ কোনো পদ্ধতির প্রয়োজন নেই; প্রচলিত নিয়মেই আবাদ করা সম্ভব। সাধারণ রাইস মিলেই এ ধানের সুগন্ধিযুক্ত চাল তৈরি করা যায়।
বিনা ধান—২৮—এর প্রতি কেজি চালে জিংকের পরিমাণ ২৪ দশমিক ৮৩ মিলিগ্রাম। জিংক শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও গর্ভবতী মায়েদের পুষ্টির জন্য উপকারী। দেশে সুগন্ধি চালের চাহিদা বাড়ছে। এ জাতের চাষ সারা দেশে সম্প্রসারণ করা গেলে সুগন্ধি চালের আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সুযোগও তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি বিনা ধান—২৮ সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি আমন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় কৃষক পর্যায়ে এ জাতের চাষ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই টন বীজ সরবরাহ করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের রোগবালাইয়ের খবর পাওয়া যায়নি।
ড. মো. মাহমুদুল হাসান বলেন, এ ধানের চাল দিয়ে সাধারণ ভাতের পাশাপাশি পোলাও, খিচুড়ি ও বিরিয়ানি তৈরি করা যায়। জাতটির বৈশিষ্ট্য ও সম্ভাবনা সম্পর্কে কৃষকদের জানাতে পারলে এর চাষ সম্প্রসারণ সহজ হবে। বিনা ধান—২৮ খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা আশা করছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন