প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:০৯
অধিক্ষেত্র সুরক্ষার দাবি
নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখা, নতুন করে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বন্ধ এবং বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, উপদেষ্টা কাজী মাওলানা শারফুল বাশার ও কাজী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা নুরুল আজিজ চৌধুরী, অর্থ সম্পাদক কাজী মাওলানা তাহির আহমদ, সহসভাপতি কাজী মাওলানা হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক কাজী রহমত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৯ সালের অধ্যাদেশ অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের যে অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছিল, তা বহাল রাখতে হবে। বর্তমানে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেওয়া হলে বিদ্যমান কাজীরা আর্থিক সংকটে পড়বেন। এতে তাদের পেশাগত জীবিকা ও পরিবার—পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব নিকাহ রেজিস্ট্রাররা পালন করলেও এ কাজের জন্য সরকার থেকে কোনো বেতন—ভাতা দেওয়া হয় না। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া নিবন্ধন ফি দিয়েই তাদের পারিবারিক ব্যয়, অফিস ও যাতায়াত খরচ বহন করতে হয়। একটি ইউনিয়নে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে সবার পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে।
বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের অবসর বা মৃত্যুর পর ২০১৭ সালের আইন অনুযায়ী তাঁদের ছেলে বা নিকটাত্মীয়কে নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ নিবন্ধন ফি বাড়ানোর দাবিও জানান তাঁরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন