এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে ৩২ শতাংশ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:১৫

সুনামগঞ্জে: অর্থনৈতিক শুমারি ২০২৪

সুনামগঞ্জে গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৩১টি। এসব ইউনিটে কর্মরত রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৬০ জন। এর মধ্যে স্থায়ী কর্মী ১ লাখ ৬০ হাজার ৫৩৮ জন, অস্থায়ী ৭ হাজার ৫৮২ জন এবং অর্থনৈতিক খানায় নিয়োজিত রয়েছেন ৫৯ হাজার ৫৪০ জন।

 


সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’— এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

 


কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে বর্তমানে ১ লাখ ১৬ হাজার ৬৩১টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী ইউনিট ৫৪ হাজার ৯৫৩টি, অস্থায়ী ইউনিট ৬ হাজার ১২৫টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৪৫ হাজার ৫৫৩টি। ২০১৩ সালের অর্থনৈতিক শুমারিতে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৮৮ হাজার ২৬১টি। সেই হিসাবে গত এক দশকে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩২ দশমিক ১৪ শতাংশ।

 


জাতীয় শিল্পনীতি— ২০২২ অনুযায়ী, জেলার ২৬টি বৃহৎ, ১৬২টি মাঝারি, ৩ হাজার ৪৬৮টি ক্ষুদ্র, ৭০ হাজার ৯৪৫ টি মাইক্রো এবং ৪২ হাজার ৩৬টি কুটির শিল্প রয়েছে।
কর্মশালায় জানানো হয়, সুনামগঞ্জের অর্থনৈতিক ইউনিটগুলোতে নিয়োজিত মোট জনবলের মধ্যে ১ লাখ ৬০ হাজার ৫৩৮ জন স্থায়ী, ৭ হাজার ৫৮২ জন অস্থায়ী এবং ৫৯ হাজার ৫৪০ জন অর্থনৈতিক খানার সঙ্গে সংশ্লিষ্ট।

 


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শুমারির জাতীয় ও জেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মুশফিকুর রহমান পারভেজ।

 


কর্মশালায় জানানো হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঠিক চিত্র, অর্থনৈতিক ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত প্রকৃতি এবং সুযোগ—সুবিধা সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহের অন্যতম প্রধান উৎস অর্থনৈতিক শুমারি। এসব তথ্যের ভিত্তিতে শিল্প ও ব্যবসা খাতের উন্নয়ন পরিকল্পনা এবং নীতি নির্ধারণ সহজ হয়।


শুমারির জাতীয় তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এই সংখ্যা ছিলো ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ। 

 


অন্যদিকে, ২০২৪ সালে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। ২০১৩ সালে এই সংখ্যা ছিলো ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। সে হিসাবে জনবল বেড়েছে ২৫ দশমিক ০৩ শতাংশ। মোট জনবলের ৮৩ দশমিক ২৮ শতাংশ পুরুষ, ১৬ দশমিক ৭১ শতাংশ নারী এবং শূন্য দশমিক ০১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর।
কর্মশালায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার