প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:১৬
ধর্মপাশায় ঐতিহ্যবাহী মক্তব শিক্ষাকে মুসলিম সমাজে ফিরিয়ে আনা এবং আগামী প্রজন্মের ঈমান—আকিদা সুরক্ষার লক্ষ্যে তিন দিনব্যাপী সবাহী মক্তব মুয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ধর্মপাশা গ্রাম জামে মসজিদে গত শনিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ সোমবার বিকেলে শেষ হয়। দাঈ মুফতি যোবায়ের আহমদ হাফিজাহুল্লাহ পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট, ইসলামিক অনলাইন মাদ্রাসা এবং ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ধর্মপাশা জামিয়াতু ইব্রাহিমের দাওয়াহ বিভাগ এ প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়ন করে। প্রশিক্ষণে ২০ জন ইমাম অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সবাহী মক্তবগুলোকে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার আদলে পরিচালনার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেণিভিত্তিক পাঠ্যক্রম ও শিক্ষাস্তর বিন্যাস, শিক্ষার্থী ভর্তি ও নিবন্ধন প্রক্রিয়া, অভিন্ন পোশাকবিধি, নিয়মিত পাঠদান, সেমিস্টারভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সামগ্রিক একাডেমিক ব্যবস্থাপনা। প্রতিটি মক্তবকে আরও সুশৃঙ্খল, মানসম্মত ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মুস্তাফিজ সালমান। এ সময় উপস্থিত ছিলেন জামিয়াতু ইব্রাহিম ধর্মপাশার মুহতামিম মুফতি যোবায়ের আলম ও সুনামগঞ্জ জেলার মক্তব পরিদর্শক ও দাঈ মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মক্তব শিক্ষার কার্যক্রম পরিচালনায় দক্ষ মুয়াল্লিম তৈরির পাশাপাশি প্রত্যন্ত জনপদসহ প্রতিটি এলাকায় সবাহী মক্তব শিক্ষার বিস্তার ও মানোন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। প্রতিটি মসজিদ হয়ে উঠবে শিশুদের দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র। গড়ে উঠবে ঈমানদার, চরিত্রবান ও দায়িত্বশীল এক প্রজন্ম। যারা পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ^াস করেন আয়োজকেরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন