‘৭২ বছরে হাওরে এমন পানি সংকট দেখিনি’

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:২০

সুনামগঞ্জে আগাম শুকিয়ে যাচ্ছে হাওরের পানি। বীজতলা তৈরির আগেই পানির স্তর নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। অন্যদিকে ধান কাটার মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কা তো রয়েছেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরের চিরচেনা কৃষি ক্যালেন্ডার বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি গবেষণা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, পানি সংরক্ষণ ও সরকারি সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন হাওরে কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার এবং জেলা জাতীয়তাবাদী কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ। দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় তাঁদের সঙ্গে কথা বলেছেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাওরে আগাম পানি শুকিয়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন কতটা দায়ী?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: এ বছর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমার ৭২ বছরের জীবনে আগে দেখিনি। গত বোরো মৌসুমে যেভাবে হাওর ডুবে ফসল তলিয়ে গেছে, সেটিও ব্যতিক্রমী ঘটনা। এর প্রভাব আগামী বৈশাখী ফসল পর্যন্ত থাকতে পারে। কার্তিক মাসে এবার বৃষ্টি হয়নি। স্থানীয় কৃষি অভিজ্ঞতায় ‘কাতি মারা বছর’ বলে একটি ধারণা রয়েছে। কার্তিক মাসে বৃষ্টি হলে হাওরে পানির স্তর কিছুটা বাড়ত। কিন্তু এবার তা হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের অঞ্চলেও পড়ছে। এ পরিস্থিতি বুঝতে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক গবেষণাকে একসঙ্গে কাজে লাগাতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বীজতলা তৈরির আগেই পানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকদের করণীয় কী?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: কৃষক এবার পরিস্থিতি বুঝতে পারছেন না। বীজতলা শুকিয়ে মাটি ফেটে গেছে। কৃত্রিমভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলেই সমস্যার সমাধান হবে না। চারা লাগানোর উপযুক্ত সময় ও বয়স রয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের নতুন করে চিন্তা করতে হবে। এবার কিছু কৃষক মূল জমিতেই বীজ ফেলছেন, যাতে সেখান থেকে চারা তুলে সরাসরি রোপণ করা যায়। তবে এ পদ্ধতির কার্যকারিতা নিয়েও গবেষণা প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: পানি সংকটে বাড়তি সেচ খরচ কৃষকের ওপর নতুন বোঝা তৈরি করছে। এ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে কী উদ্যোগ প্রয়োজন?
সিরাজুল ইসলাম পলাশ: পানি সংকট শুধু কৃষকের সমস্যা নয়, এটি গ্রামীণ অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ। কৃষক, সরকার, কৃষি বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সম্মিলিত সেচব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পানির অপচয় বন্ধ করতে হবে। জমির আইল আগেভাগে মেরামত করে পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজের পরিকল্পনা নেওয়া জরুরি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: মাছ ধরতে হাওরের বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এটি বন্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত?
সিরাজুল ইসলাম পলাশ: বিভিন্ন জায়গা থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অসময়ে পানি ছেড়ে দিলে শুধু কৃষির ক্ষতি হবে না, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হবে। জেলে সম্প্রদায়ও ক্ষতির মুখে পড়বে। প্রতিটি উপজেলায় ইউএনও, কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে হাওরভিত্তিক পানি ছাড়ার সময় নির্ধারণ করতে হবে। পাশাপাশি কৃষকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলে বিষয়টি তদারকি করা যেতে পারে। নিয়ম লঙ্ঘন করলে আইন প্রয়োগ করতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ক্যালেন্ডার বদলে যাচ্ছে। কৃষকদের অভিযোজনের জন্য কী ধরনের সরকারি সহায়তা প্রয়োজন?
সিরাজুল ইসলাম পলাশ: সুনামগঞ্জের জন্য এলাকাভিত্তিক কৃষি ক্যালেন্ডার তৈরি করতে হবে। আগাম বন্যা, অতিবৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এটি নিয়মিত হালনাগাদ করতে হবে। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কৃষি প্রণোদনা দ্রুত দিতে হবে এবং কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে। স্থানীয় অভিজ্ঞ ব্যক্তিদেরও গবেষণা ও পরিকল্পনায় সম্পৃক্ত করা প্রয়োজন। পাশাপাশি শস্যবিমা চালু করা সুনামগঞ্জের কৃষকদের জন্য অত্যন্ত জরুরি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি চালুতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কতটা কার্যকর?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: কৃষি গবেষণার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এখনো মাঠপর্যায়ে যথেষ্ট দৃশ্যমান নয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) স্বল্পমেয়াদি ও আগাম পাকে এমন ধানের জাতের কথা বলা হলেও সুনামগঞ্জে সেগুলোর কার্যকর প্রদর্শনী খুব একটা দেখা যায় না। কৃষকদের প্রশিক্ষণের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই মাঠের বাস্তবতা বুঝতে হবে। এ বছরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী মৌসুমের জন্য এখনই পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: আগামী বোরো মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক রাখতে এখনই কী জরুরি পদক্ষেপ নেওয়া দরকার?
সিরাজুল ইসলাম পলাশ: সুনামগঞ্জে ১২টি উপজেলায় ১৩৭টি ছোট—বড় হাওর রয়েছে। প্রায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মধ্যে চাষাবাদ নিয়ে অনীহা তৈরি হয়েছে। অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণের নিশ্চয়তা দিতে হবে। আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। প্রকৃত কৃষকদের সঠিক তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি কম সময়ে পরিপক্ব হয় এমন ধানের জাত উদ্ভাবনে গবেষণায় গুরুত্ব দিতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাওরের কৃষি রক্ষায় সরকারের কাছে আপনাদের প্রধান দাবিগুলো কী?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। ধান কালো হলেও চাল ভালো থাকতে পারে। এ সুযোগে মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান কেনার চেষ্টা করেন। সরকার ৫ লাখ টন চাল কেনার বিপরীতে মাত্র ৫০০ টন ধান কেনার পরিকল্পনা করেছে। এতে সরাসরি কৃষক কতটা উপকৃত হবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যবস্থা বাড়াতে হবে। প্রয়োজনে সাইলোর মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। কৃষক এখন চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন। অনেকে জমি আবাদ করতে পারছেন না। এভাবে চলতে থাকলে হাওরের অনেক জমি অনাবাদি পড়ে থাকার আশঙ্কা রয়েছে। কৃষককে বাঁচাতে হলে তাঁর উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য ও কৃষিকাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার