কিডনির রোগীদের কোন ফল খাওয়া নিরাপদ, কোনগুলো এড়িয়ে চলবেন?

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:০২

ছবি : সংগৃহীত

কিডনির রোগ ধরা পড়লেই ফল খাওয়া বন্ধ করতে হবে—এমন ধারণা প্রচলিত থাকলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে তা পুরোপুরি সঠিক নয়। বরং কিডনির সমস্যা থাকলে কোন ফল খাওয়া যাবে আর কোনটি পরিমিত খেতে হবে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ, কিছু ফলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা কিডনির কার্যক্ষমতা কমে গেলে রক্তে জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

 

চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, কিডনির রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পটাশিয়ামের মাত্রার ওপর। সঠিক ফল নির্বাচন করলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পেতে পারে। তবে রোগীর শারীরিক অবস্থা, রক্তে পটাশিয়ামের মাত্রা এবং কিডনির কার্যক্ষমতা বিবেচনা করেই খাদ্যতালিকা তৈরি করা উচিত।

 

কিডনির রোগীরা যেসব ৫টি ফল খেতে পারেন

১. আপেল

কিডনির রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ ফলের মধ্যে আপেল অন্যতম। এতে পটাশিয়ামের পরিমাণ কম এবং খাদ্যআঁশ রয়েছে। পাশাপাশি আপেলে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের সুরক্ষায় সহায়তা করে। পরিমিত পরিমাণে আপেল খেতে পারেন কিডনির রোগীরা।

 

২. আনারস

আনারসে রয়েছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও বিভিন্ন পুষ্টি উপাদান। অন্যান্য অনেক ফলের তুলনায় এতে পটাশিয়ামের পরিমাণ কম। তাই কিডনির রোগীদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে।

৩. আঙুর

আঙুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও বিভিন্ন উপকারী উপাদান। এতে পটাশিয়ামের পরিমাণ তুলনামূলক কম। তবে মিষ্টি স্বাদের কারণে ডায়াবেটিস থাকলে পরিমাণের বিষয়ে সতর্ক থাকতে হবে।

৪. স্ট্রবেরি

স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশ। পাশাপাশি পটাশিয়ামের পরিমাণও তুলনামূলক কম। তাই কিডনির রোগীদের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে এই ফল রাখা যেতে পারে।

৫. তরমুজ

তরমুজে পানির পরিমাণ বেশি এবং পটাশিয়াম তুলনামূলক কম। তবে কিডনির রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত পানি গ্রহণও ঝুঁকিপূর্ণ হতে পারে। যাদের চিকিৎসক দৈনিক পানি পানের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন, তাদের তরমুজ খাওয়ার ক্ষেত্রেও সেই হিসাব মেনে চলতে হবে।

 

যেসব ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি

কলা, কমলালেবু, অ্যাভোকাডো, কিউই, খেজুর ও শুকনো ফলে পটাশিয়ামের পরিমাণ তুলনামূলক বেশি। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের হওয়া কঠিন হয়ে পড়ে। ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, যা হৃদ্যন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ।

 

তবে এসব ফল সব কিডনি রোগীর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ নয়। চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, রোগীর কিডনির অবস্থা, ক্রিয়েটিনিনের মাত্রা, রক্তে পটাশিয়ামের পরিমাণ এবং ডায়ালাইসিস চলছে কি না— এসব বিষয় বিবেচনা করে ফল খাওয়ার পরিমাণ নির্ধারণ করতে হবে।

 

কিডনি ভালো রাখতে চিকিৎসকের আরও ৩ পরামর্শ

 

শুধু ফল বাছাই করলেই কিডনি সুস্থ রাখা সম্ভব নয়। এ জন্য জীবনযাপন ও খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা প্রয়োজন।

 

১. রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন: ডায়াবেটিস কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। তাই নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা জরুরি।

 

২. রক্তচাপ নিয়ন্ত্রণ করুন: উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

৩. চিকিৎসকের পরামর্শ মেনে চলুন: কিডনির রোগীর খাদ্যতালিকা সবার জন্য এক নয়। রোগের পর্যায়, পরীক্ষার ফলাফল ও শারীরিক অবস্থা অনুযায়ী পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শে খাবার নির্বাচন করতে হবে।

 

সূত্র:যুগান্তর.কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার