প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:০৯
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোনে এআইভিত্তিক অ্যাপের জনপ্রিয়তাও বাড়ছে। লেখালেখি, তথ্য অনুসন্ধান, ছবি তৈরি, পড়াশোনা কিংবা দৈনন্দিন কাজের সহায়তা বিভিন্ন প্রয়োজনে এসব অ্যাপ ব্যবহার করছেন মানুষ। ফলে অ্যাপ বাজারে দ্রুত বাড়ছে জেনারেটিভ এআই অ্যাপের চাহিদা।
সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইল ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে জেনারেটিভ এআই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল এআই অ্যাসিস্ট্যান্ট বা সহকারী অ্যাপ। এ ক্যাটাগরিতে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় প্রথম তিনটি অবস্থানে রয়েছে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও ডিপসিক। পরের অবস্থানগুলোতে রয়েছে ডুবাও, পারপ্লেক্সিটি ও গ্রোক। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লের ডাউনলোড তথ্যের ভিত্তিতে। চীনের ক্ষেত্রে শুধু অ্যাপ স্টোরের তথ্য বিবেচনা করা হয়েছে।
চ্যাটজিপিটি
তালিকার শীর্ষে রয়েছে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি। লেখালেখি, অনুবাদ, প্রশ্নের উত্তর, তথ্য বিশ্লেষণ, নতুন ধারণা তৈরি থেকে শুরু করে ছবি তৈরি বিভিন্ন কাজে অ্যাপটি ব্যবহার করা যায়। ছবি ও ফাইল বিশ্লেষণ, ভয়েসে কথোপকথন এবং ওয়েব থেকে তথ্য খোঁজার সুবিধাও রয়েছে। একাধিক ধরনের কাজ একই প্ল্যাটফর্মে করা যায় বলে অ্যাপটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। ২০২৫ সালে চ্যাটজিপটির ডাউনলোড আগের বছরের তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে বলে সেন্সর টাওয়ারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুগল জেমিনি
দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি। লেখালেখি, অনুবাদ, পড়াশোনা, তথ্য অনুসন্ধান ও ছবি তৈরির পাশাপাশি জিমেইল ও গুগল ড্রাইভের তথ্য থেকেও প্রয়োজনীয় বিষয় খুঁজে দিতে পারে অ্যাপটি। গুগল ম্যাপস ও ফ্লাইটসের সঙ্গে যুক্ত হয়ে ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করার সুবিধাও রয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করার সুযোগ জেমিনিকে আলাদা সুবিধা দিয়েছে। ২০২৫ সালে ছবি তৈরির নতুন সুবিধা যুক্ত হওয়ার পর অ্যাপটির ডাউনলোডে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়।
ডিপসিক
বিশ্বজুড়ে ডাউনলোডের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে চীনা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি এআই অ্যাপ। বিনা মূল্যে ব্যবহার, জটিল প্রশ্নের বিশ্লেষণ, তথ্য অনুসন্ধান এবং বিভিন্ন সমস্যা সমাধানের সুবিধা অ্যাপটির জনপ্রিয়তা বাড়িয়েছে। এতে রয়েছে ওয়েব সার্চ, ডিপ-থিংকিং মোড এবং ফাইল আপলোড করে সেখান থেকে তথ্য বিশ্লেষণের সুবিধা। বিশেষ করে যুক্তি, বিশ্লেষণ ও প্রযুক্তিগত বিষয়ে সহায়তা পাওয়ার সুযোগ ব্যবহারকারীদের আগ্রহ বাড়িয়েছে।
তালিকায় আরও যারা
শীর্ষ তিনের বাইরে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের ডুবাও। পঞ্চম স্থানে রয়েছে তথ্য অনুসন্ধানভিত্তিক এআই অ্যাপ পারপ্লেক্সিটি। ষষ্ঠ অবস্থানে রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি গ্রোক। এ ছাড়া তালিকার শীর্ষ দশে রয়েছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, সিকি, মেটা এআই ও মাইক্রোসফট কোপাইলট।
এআই অ্যাপের চাহিদা বাড়ছে
সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জেনারেটিভ এআই অ্যাপের ডাউনলোড আগের বছরের তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে। এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপগুলো এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং লেখালেখি, ছবি তৈরি, তথ্য বিশ্লেষণসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে একাধিক কাজের জন্য আলাদা অ্যাপের পরিবর্তে একটি এআই অ্যাপ ব্যবহারের প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির নতুন সুবিধা যুক্ত হওয়া এবং সহজে ব্যবহারের সুযোগ এ ধরনের অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
সূত্র: বিডি-প্রতিদিন
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন