আইনি ল‘ড়াইয়ে স্বস্তি, টোল আদায় শুরুর ঘোষণা

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২৩:২৮

সাচনা বাজার ও গজরিয়া ঘাট

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট ও টোল আদায় কেন্দ্র এবং ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এলসি ও বার্থিং চার্জ আদায় নিয়ে সৃষ্ট বিরোধের জেরে জারি করা নতুন স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। আদালতের এই আদেশের পর পূর্বের চুক্তি ও নির্ধারিত সিডিউল অনুযায়ী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকেই পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান জিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইজারাদাররা জানান, চলতি বছর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লিখিত চুক্তিপত্রের মাধ্যমে তাদের নির্ধারিত হারে টোল ও সংশ্লিষ্ট চার্জ আদায়ের অনুমতি দেয়। চুক্তি অনুযায়ী তারা কার্যক্রম শুরু করলে নির্ধারিত হারকে অতিরিক্ত দাবি করে তা কমানোর দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় ক্রাশার মিল মালিক, নৌকা মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা।

 


এমন পরিস্থিতিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পূর্বে নির্ধারিত টোলের হার বাতিল করে নতুন স্মারকের মাধ্যমে সংশোধিত হার নির্ধারণ করে। তবে নতুন নির্ধারিত হারে টোল আদায়ে সম্মত না হয়ে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন ইজারাদাররা।

 


ইজারাদাররা আরও জানান, হাইকোর্ট তাদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য—প্রমাণ পর্যালোচনা করে দ্বিতীয় দফায় জারি করা স্মারকটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন এবং পূর্বের সিডিউল অনুযায়ী চুক্তি পুনর্বহাল রাখার নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার থেকেই তারা পুনরায় টোল আদায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিআইডব্লিউটিএর দ্বিতীয় দফায় জারি করা স্মারক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গত দুই মাস ধরে তারা টোল আদায় কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এ অবস্থায় বৈধভাবে ও সুষ্ঠুভাবে টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলী উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার