প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৭
গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে সুনামগঞ্জ—১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনে। এই আসনে ৯ টি মামলায় অজ্ঞাতসহ প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে সাম্প্রতিক সময়ে সাবেক এই দুই এমপি’র আলাদা আলাদাভাবে ফেসবুকে প্রচার হওয়া বক্তব্যের পর হওয়া মামলায় আসামি ৪২৭ জন। যদিও এসব মামলায় ভিন্ন ভিন্ন ঘটনার কথা উল্লেখ রয়েছে। মামলার কারণে অপেক্ষাকৃত হাওরাঞ্চল হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা—কর্মী থেকে শুরু করে অনেক সমর্থককেও এখানকার হাট বাজারে দেখা যাচ্ছে না। নির্বাচনী এলাকাজুড়ে দলীয় কর্মী—সমর্থকদের মধ্যে আতঙ্ক রয়েছে।
এই নির্বাচনী এলাকার দুই সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ও মোয়াজ্জেম হোসেন রতনের সাম্প্রতিকালের কার্যক্রমে নেতা—কর্মী ও সমর্থকরা আরও বেশি চাপে পড়েছেন বলে দাবি করেছেন দলের অনেকেই। গেল এক সপ্তাহে নিষিদ্ধ এই দলটির ২০ জনের বেশি সমর্থক পুলিশের জালে বন্দি হয়েছেন।
জামালগঞ্জের একজন নেতা বললেন, দায়িত্বশীলরা দূরের কথা, তাদের দলের সমর্থক ছিল এমন লোকজনকেও হাটবাজারে দেখা যাচ্ছে না। এই নেতা বললেন, রাতারগুলে রনজিত সরকার এসে সভা করার পর হয়রানি বেড়েছে। পাঁচ আগস্টের পরেও এমন হয়রানি ছিল না। বললেন, বাড়ি থেকে সরে আছি, হোয়াটসঅ্যাপে ফোন আসলেও ধরছি না।
জামালগঞ্জের একজন গণমাধ্যম কর্মী বললেন, ‘রনজিত সরকার সিলেটের রাতারগুলে এসে ‘শিক্ষা সফর’ এর নামে রিসোর্ট ভাড়া নিয়ে কয়েক মিনিট সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় কর্মীদের ভয়—ভীতির মধ্যে ফেলে দিয়েছেন। সোমবার সাবেক এমপি রতন কানাডায় বসে ফেসবুকে লাইভে বক্তব্য দেওয়ায় আরেকদফা হয়রানির মধ্যে পড়েছেন তারা।
২০২৪ সালের পাঁচ আগস্টের পর থেকে বিশেষ ক্ষমতা আইনে এই নির্বাচনী এলাকার মধ্যনগর থানায় মামলা হয়েছে দুটি। এরমধ্যে ওই বছরের ২৭ নভেম্বর ১৭ জনের নামোল্লেখ এবং ২০ জন ছিল অজ্ঞাত, চলতি বছরের ৩০ আগস্ট আরেক মামলায় ৪৯ জনকে আসামি করা হয়। ধর্মপাশায় ২০২৪ সালের সাত ডিসেম্বর ১৮ জনকে আসামি করে মামলা হয়েছে।
গেল সোমবার ভোররাতে সাবেক এমপি মোয়াজ্জেম হোসেনের রতনের ধর্মপাশার নওধারের বাড়ির ব্যবসায়িক সোলার প্যানেলে আগুন দেওয়া হয়েছে দাবি করে নিজের ফেসবুক আইডি থেকে সরকার, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশকে আক্রমন করে বক্তব্য দেবার পরই ২২ জনের নামোল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয় ধর্মপাশা থানায়।
একইভাবে তাহিরপুর থানায় ২৪ জনের নামোল্লেখ করে ৮০ জনকে অজ্ঞাত আসামি এবং জামালগঞ্জ থানায় ২১ জনের নামোল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা হয়।
ধর্মপাশায় আওয়ামী লীগের সমর্থক একজন কলেজ শিক্ষক বললেন, ‘রতন কানাডা থেকে ফেসবুকে হম্বিতম্বি করলেন, আর বিপদে পড়লেন সাধারণ কর্মীরা।’
এর আগে চলতি বছরের ২৮ জুলাই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা কৃষক লীগের সহসভাপতি জিল্লুর আখঞ্জি সুনামগঞ্জের আদালতে এসে আত্মসমর্পণ করেন। জামিন না পেয়ে আদালত চত্ত্বরে জয়বাংলা স্লোগান দেওয়ায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ওই মামলায় ৪১ জন আসামি রয়েছেন।
গেল আট নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ—১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে রাতারগুল ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট’ এ সভা করেন। ওখানে তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। পরে আবার দেশ ছেড়ে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে চলে যান বলে প্রচার হয়। নিজের ফেসবুক আইডিতে রনজিত পরদিন এই ভিডিও আপলোড করলে আইন—শৃঙ্খলা বাহিনীসহ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তোলপাড় হয়। জাতীয় সংসদসহ জাতীয়ভাবেও বিষয়টি আলোচনায় আসে।
এই ঘটনার পরদিন রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা হয়।
এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ—১ আসনের ২০ জনের বেশি নেতা কর্মী বা সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন দলেরই একজন নেতা।
সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক (ডিআইও—১) মো. আজিজুর রহমান বুধবার সন্ধ্যায় বলেছেন, নাশকতার চেষ্টার ঘটনার বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার আসামি প্রতিদিনই গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন