প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২২:৫৮
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সিনিয়র সহসভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হুসেন, মমিনুল হক কালারচান ও নুরে আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জুলফিকার আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ ও যুবদল নেতা শাহ ফরহাদ। এ ছাড়া জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেই আন্দোলনের মুখেই ওই সরকার দেশ ছেড়ে পালিয়েছে। বক্তারা অভিযোগ করেন, পতিত সরকারের অনুগত বাহিনী গোপালগঞ্জসহ সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।
তাঁরা আরও বলেন, সুনামগঞ্জে দলীয় নেতা নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন রাজপথে সক্রিয় রয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন