প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৫
‘এখন ডায়াবেটিস আরেক মহামারি হয়ে ছড়াচ্ছে। শহুরে তরুণরাও আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ আমাদের অভ্যাসগত অসচেতনতা। শহুরে জীবনে হাঁটাচলা কমে যাওয়ায় নানা রোগব্যাধিতে আক্রান্ত হতে হচ্ছে। যেহেতু চাকরি করছি না, তাই স্বাধীনভাবে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।’
একুশের প্রভাতফেরিতে ৫২ কিলোমিটার, অথবা বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ৫০ কিলোমিটার দৌড়! একা নন, সদলবলে। শারীরিক কসরতের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তার সঙ্গে দেশাত্ববোধের প্রচারণার এমন উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জে দৌড়বিদ পরিচয়ে পরিচিত মাসুক আমিন। বেসরকারি চাকরিজীবী পেশার ২২ বছরের ক্যারিয়ারে কঠিন এক সিদ্ধান্ত নিলেন। আর চাকরি করবেন না।
চাকরি ছাড়ার কী কারণ? উত্তর শুনলে অবাক হতে হয়। হয় দৌড়, নয় চাকরি—দুটির মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়েছিল তাকে। তিনি বেছে নিলেন দৌড়কেই। বাদ দিলেন চাকরি।
চাকরি টিকিয়ে রাখতে মানুষ কত কিছু না জলাঞ্জলি দেয়। দৌড় বাদ দিয়ে চাকরি টিকিয়ে না রেখে মাসুক উল্টোটি করায় দৌড়ের প্রতি ভালোবাসা প্রবলভাবে প্রকাশ পেয়েছে। মাসুক আমিনের চাকরির পাশাপাশি দৌড়ের পথ চলা শুরু সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার ব্যক্তিগত ইচ্ছে থেকে। করোনাকালে ২০২০ সালে একা দৌড়ানো শুরু করেছিলেন। পরে যুক্ত হন সমবয়সীরা। গড়ে তোলেন দৌড়বিদদের সংগঠন ‘রানিং কমিউনিটি’। সিলেট থেকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় দৌড়ে অর্জন করেন দৌড়বিদ খ্যাতি।
মাসুক আমিনের দৌড়ের প্রতি ভালোবাসা শুরু করোনাকালে ২০২০ সালে। । লক্ষ্য, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। তখন একা দৌড়ানো শুরু করেছিলেন। পরে যুক্ত হন সমবয়সীরা। গড়ে তোলেন দৌড়বিদদের সংগঠন ‘সিলেট রানিং কমিউনিটি’। সিলেট থেকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় দৌড়ে অর্জন করেন দৌড়বিদ খ্যাতি। জাতীয় দিবসগুলোতেও দৌড়ের মাধ্যমে তুলে ধরেন দেশাত্মবোধের বার্তা। মহান বিজয় দিবসে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দৌড়ানোর আয়োজন করেন। কিন্তু দৌড়ের এই নেশাই একসময় তার চাকরিজীবনে বাধা হয়ে দাঁড়ায়। ২০২৬ সালে কর্তৃপক্ষের কাছ থেকে আসে আলটিমেটাম—হয় দৌড়, নয় চাকরি। মাসুক অবলীলায় বেছে নেন দৌড়কে। গত ১ অক্টোবর চাকরি ছাড়েন।
মাসুক জানান, ২০০৪ সালে উচ্চশিক্ষা শেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। প্রথম চাকরি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে, মার্কেটিং প্রতিনিধি হিসেবে। ২০১২ সালে চাকরি ছেড়ে যোগ দেন কেএসআরএম স্টিল লিমিটেডে, রিজিওনাল ম্যানেজার পদে। এরপর ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএসআরএম স্টিল লিমিটেডে ডিভিশনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইনসি সিমেন্টে ছিলেন সিলেট বিভাগের দায়িত্বে।
দৌড়ের প্রতি তার আকর্ষণ তৈরি হয় ইনসি সিমেন্টে চাকরির সময়। করোনাকালে লকডাউন ও হোম অফিসের কারণে ঘরে বসে থাকতে হতো। এসময় নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হন মাসুক। শুরু করেন নিয়মিত দৌড়ানো। প্রথমে একাই দৌড়াতেন। পরে তার সঙ্গে যোগ দেন সমবয়সীরা। এভাবেই গড়ে ওঠে সিলেট রানিং কমিউনিটি।
করোনার প্রকোপ কমলেও দৌড় থামাননি তারা। ২০২১ সালে মহান বিজয় দিবসের ৫০ বছর উপলক্ষে ৫০ কিলোমিটার দৌড়ানোর আয়োজন করে প্রশংসিত হয় রানিং কমিউনিটি। পরবর্তী সময়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘রান সেভেন্টি ওয়ান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি সবার নজরে আসেন এবং দৌড়বিদ হিসেবে বিশেষ খ্যাতি পান।
পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ৫২ কিলোমিটার দৌড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সিলেট—সুনামগঞ্জ মহাসড়কের ৬৮ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এসব আয়োজন সিলেট ও সুনামগঞ্জে বেশ সাড়া ফেলে। তবে দৌড়ের এই কার্যক্রম তার কর্মস্থলে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।
মাসুক জানান, এ কারণে কর্মস্থল বদল করতে হয় তাকে। যোগ দেন মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্টে, সিনিয়র ম্যানেজার পদে। ২০২৪ সাল থেকে সেখানে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু চাকরির পাশাপাশি দৌড়বিদ হিসেবে তার পরিচিতি বাড়তে থাকায় ঊর্ধ্বতনদের বিরাগভাজন হন। ২০২৬ সালের শুরু থেকে চাকরি নিয়ে টানাপোড়েন তৈরি হয়। একপর্যায়ে তাকে জানিয়ে দেওয়া হয়, দৌড় কিংবা চাকরি—যেকোনো একটি বেছে নিতে হবে। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা প্রচারে দৌড়কেই জীবনের প্রধান অনুষঙ্গ করে নেন মাসুক।
দুই সন্তানের জনক মাসুক আমিনের বাড়ি সুনামগঞ্জে। থাকেন সিলেট শহরে। স্ত্রী স্কুলশিক্ষক। চাকরি ছেড়ে এখন নিজের উদ্যোগে স্বাস্থ্যসম্মত খাবারের একটি রেস্তোরাঁ খুলেছেন। সুনামগঞ্জ শহরের ডিএস রোডে এ রেস্তোরাঁর নাম ‘ঝাল—মিঠাই—কিচেন’। উদ্বোধন হবে আগামী ৪ ডিসেম্বর। পাশাপাশি স্বাধীনভাবে সময় দিচ্ছেন রানিং কমিউনিটির কার্যক্রমে। সাধারণ মানুষের মধ্যে দৌড় ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে চান স্বেচ্ছাসেবী হিসেবে।
আগামী ১৭ ডিসেম্বর কক্সবাজারের মেরিন ড্রাইভে দৌড়াবেন ১০০ কিলোমিটার। সেই প্রস্তুতি সম্পন্নে ব্যস্ত এখন মাসুক আমিন। জানালেন, বিজয় দিবসের দিন থেকে ১৭ থেকে ১৯ ডিসেম্বর কক্সবাজার থাকবেন। মাসুক বলেন, ‘আমি ইচ্ছে করে সরকারি চাকরি করিনি। বেছে নিয়েছিলাম বেসরকারি চাকরি। চাকরিজীবনের শেষ ভাগটি কেটেছে দৌড় নিয়ে। কিন্তু দৌড়ের কারণে কখনো চাকরির কাজে ব্যাঘাত ঘটাইনি। আমার দৌড়বিদ পরিচিতির পেছনে অনেক শ্রম ও ঘাম রয়েছে। এই পরিচয়ের মূল বার্তাটি আসলে আমি নিজেই। করোনাকাল পেরিয়ে এখন ডায়াবেটিস আরেক মহামারি হয়ে ছড়াচ্ছে। শহুরে তরুণরাও আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ আমাদের অভ্যাসগত অসচেতনতা। শহুরে জীবনে হাঁটাচলা কমে যাওয়ায় নানা রোগব্যাধিতে আক্রান্ত হতে হচ্ছে। এখন যেহেতু চাকরি করছি না। এ সময়ে আমি স্বাধীনভাবে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। পাশাপাশি সিলেট রানিং কমিউনিটিকে আরও বড় করতে চাই।’
সিলেট ও সুনামগঞ্জে এই দৌড় সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। সংগঠনটির মাধ্যমে সিলেট অঞ্চলের মেঠোপথ থেকে মহাসড়ক, চা—বাগান এলাকা থেকে কক্সবাজারের সমুদ্রসৈকত পর্যন্ত নানা আয়োজনে অংশ নিয়েছেন তিনি। দৌড়কে কেবল ব্যক্তিগত শরীরচর্চায় সীমাবদ্ধ না রেখে একে সামাজিক আন্দোলনে রূপ দিতে চান ৪৫ বছর বয়সী এই দৌড়বিদ। বাকি জীবন মানুষের মধ্যে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দেওয়ার স্বেচ্ছাসেবী হিসেবেই কাটাতে চান তিনি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন