প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২২:৫৬
এ বছর হাওরের পানি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত কমে যাচ্ছে। এতে ধান রোপণ ও সঠিক উৎপাদন নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন মাটিয়ান হাওরপাড়ের কৃষকরা। জমিতে সেচের পানি পাওয়া যাবে কি না, সময়মতো ধান রোপণ করা যাবে কি না এসব প্রশ্নে দিন কাটছিল তাদের। এমন পরিস্থিতিতে হাওরের পানি ধরে রাখতে নিজেরাই উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় কৃষকরা। কিন্তু তাদের সেই স্বেচ্ছাশ্রমের বাঁধ রাতের আঁধারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আটকে রাখা পানি অনেকটাই বেরিয়ে গেছে। ফলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাওরপাড়ের শত শত কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির উদ্যোগে হাওরের পানি ধরে রাখার বিষয়ে কয়েক দফা আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, জামলাবাজ নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হবে। যাতে শুকনো মৌসুমে ফসলি জমিতে প্রয়োজন অনুযায়ী বারবার সেচ দেওয়া যায়। সিদ্ধান্ত অনুযায়ী গত ৮ নভেম্বর মাটিয়ান হাওরপাড়ের বড়দল, জামলাবাজ ও গাজীপুর গ্রামের কৃষকরা স্বেচ্ছাশ্রমে জামলাবাজ নদীতে বাঁশ, বস্তা ও মাটি দিয়ে বাঁধ নির্মাণ করেন।
কৃষকদের আশা ছিল, এই বাঁধের কারণে নদী ও হাওরে পানি আটকে থাকবে। ধান রোপণের সময় জমিতে সেচ দিতে আর দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু বাঁধ নির্মাণের পরপরই একটি দুষ্টচক্র রাতের আঁধারে বাঁধ কেটে দেয় বলে অভিযোগ করেছেন কৃষকরা। এতে আটকানো পানি দ্রুত কমে যায়। সকালে নদীর পাড়ে গিয়ে বাঁধ কাটা দেখে হতাশ হয়ে পড়েন স্থানীয় কৃষকরা।
কৃষকরা জানান, বাঁধটি বারবার কাটা হলে তাদের স্বেচ্ছাশ্রম বৃথা যাবে। শুধু তাই নয়, সেচের অভাবে ধান রোপণ ব্যাহত হলে পুরো হাওরপাড়ের কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। তারা বাঁধ রক্ষায় প্রশাসনের নজরদারি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় কৃষকদের মতে, হাওরের পানি ধরে রাখা গেলে শুধু ধান নয়, শীতকালীন সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও সুবিধা হবে। পাশাপাশি হাওরে মাছের প্রজনন ও জীববৈচিত্র্যও রক্ষা পাবে। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে বারবার এই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, হাওরপাড়ের কৃষকদের এই ঐক্য ও উদ্যোগ টিকিয়ে রাখতে হলে বাঁধ কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কৃষকরা নিরুৎসাহিত হয়ে পড়বেন।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির নেতারা জানান, বাঁধটি পুননির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে যাতে কেউ বাঁধ কাটতে না পারে, সে জন্য পাহারার ব্যবস্থা করার কথাও ভাবছেন তারা। পাশাপাশি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
হাওরপাড়ের কৃষকরা এখন তাকিয়ে আছেন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। তাদের প্রত্যাশা, বাঁধ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং হাওরের পানি ধরে রাখতে কৃষকদের পাশে দাঁড়াবে প্রশাসন।
জামলাবাজ গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, এ বছর হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় আমরা ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় আছি। জমির চাহিদামতো বারবার সেচের পানি দিতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এজন্যই তিন গ্রামের কৃষকরা মিলে স্বেচ্ছাশ্রমে বাঁধটি দিয়েছিলাম। বুধবার সকালে নদীর পাড়ে গিয়ে দেখি বাঁধটি ভেঙে আটকানো পানি বেরিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বড়দল গ্রামের উত্তর—পূর্ব পাশে একটি জলমহাল রয়েছে। নদীর পানি দ্রুত কমে গেলে ওই জলমহালের ইজারাদারের বিলের মাছ ধরতে সুবিধা হয়। বাঁধ কাটার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জামলাবাজ নদীর বাঁধটি কয়েকদিন পরপরই কে বা কারা কেটে দেয়। সম্ভবত যারা চাই দিয়ে মাছ ধরে, তারা হয়তো কেটে দিতে পারে। বাঁধ কাটার সংবাদটি সকালে পাওয়ার পর এটি পুননির্মাণের জন্য আবার শ্রমিক পাঠানো হয়েছে।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামায়ুন কবির বলেন, বুধবার সকাল বেলা শুনতে পাই কে বা কারা জামলাবাজ নদীর বাঁধটি কেটে দিয়েছে। পরবর্তীতে বড়দল গ্রামের কৃষকদের নিয়ে দিনভর স্বেচ্ছাশ্রমে কাজ করে বিকাল ৪ টায় পানি আটকাতে সক্ষম হই।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, বাঁধ ভাঙার বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।
উপজেলার খবর থেকে আরো পড়ুন