প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২১:০৮
সুনামগঞ্জ জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার গেজেটভুক্ত চারটি বালু মিশ্রিত পাথর কোয়ারি থেকে খাস আদায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)—এর মহাপরিচালক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এসব কোয়ারির ইজারা কার্যক্রম বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার গেজেটভুক্ত ধোপাজান বালু মিশ্রিত পাথর কোয়ারি (১৮২ হেক্টর). তাহিরপুর উপজেলার গেজেটভুক্ত ফাজিলপুর বালু মিশ্রিত পাথর কোয়ারি (১২১.৪৯ হেক্টর), দোয়ারাবাজার উপজেলার গেজেটভুক্ত বালু মিশ্রিত পাথর কোয়ারি (৪৫.৯৩ হেক্টর)।
প্রজ্ঞাপনে জানানো হয়, কোয়ারিগুলো প্রত্যন্ত ও দুর্গম এলাকায় হওয়ায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেও অবৈধভাবে পাথর ও বালু মিশ্রিত পাথর উত্তোলন রোধ করা সম্ভব হচ্ছিল না। এর ফলে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২—এর বিধি ৯৫ অনুযায়ী— ইজারা প্রদান না করা হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের মাধ্যমে এই কোয়ারি এলাকায় খাস ভূমি হিসেবে অর্থ আদায় করা যাবে।
ইজারা প্রদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত খাস আদায় কার্যক্রম চলমান থাকবে। খাস আদায়ের সময় সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের এক্সকাভেটর/ড্রেজার/বোমা মেশিন ব্যবহার করা যাবে না। খাস আদায়ের পূর্বে কোনো পাথর কোয়ারির ওপর উচ্চ আদালতের স্থিতাবস্থা/স্থগিতাদেশ/নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে। খাস আদায় কার্যক্রম নিয়মিত, যথাযথ ও নিবিড়ভাবে মনিটর করতে হবে। কোয়ারি থেকে খাস আদায় বাবদ অর্থ বিএমডি—এর নির্দিষ্ট কোডে জমা দিতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন