প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২৩:৩১
‘আমার বাড়িটা একেবারে ভাঙনের মুখে। কোন দিন ভেঙে যাবে, জানি না। সরকারের কাছে আবেদন করছি, অতি দ্রুত এর ব্যবস্থা নেওয়া হোক।’ নদীভাঙনে শেষ আশ্রয়টুকু হারানোর আতঙ্ক নিয়ে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামের বাসিন্দা আব্দুর রহমান।
.jpg)
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও ধোপাজান নদীর মোহনায় অবস্থিত সদরগড় গ্রাম। একসময় যে গ্রামে ছিল মানুষের বসতবাড়ি, দোকানপাট, ফসলি জমি ও শিশু—কিশোরদের খেলাধুলার মাঠ, সেখানে এখন বইছে নদীর স্রোত। বছরের পর বছর ধরে চলা নদীভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে গ্রামের পরিসর। ইতোমধ্যে বহু বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অনেক বসতভিটা। কোথাও জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে, কোথাও নদীর কিনারে দাঁড়িয়ে আছে বসতঘর ও গাছপালা। এমন পরিস্থিতিতে শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় দিন কাটছে সদরগড়ের বাসিন্দাদের।
.jpg)
আব্দুর রহমান আরও বলেন, প্রায় দুই বছর ধরে নদীভাঙন রোধে বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়ে আসছেন। পানি উন্নয়ন বোর্ডেও যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো সহায়তা পান নি। নিজের বাড়ির ভবিষ্যৎ নিয়েও চরম অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, সদরগড় গ্রামের নদী তীরের বিভিন্ন স্থানে ভাঙনের ক্ষত স্পষ্ট। কোথাও নদীর পাড় ধসে গেছে, কোথাও মাটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের কিনারে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে বসতঘর ও গাছপালা। একসময় যেখানে ছিল মানুষের বসতি ও ফসলি জমি, সেসব জায়গার অনেকটাই এখন নদীগর্ভে। গ্রামের খেলার মাঠের একাংশও ভেঙে গেছে। নদী ক্রমেই লোকালয়ের দিকে এগিয়ে আসায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় নদীভাঙন চলছে। গত দুই—তিন বছরে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র চলে গেছে। এখন যাঁরা রয়েছেন, তাঁদের অনেকের বাড়িঘরও রয়েছে ভাঙনের মুখে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা নেওয়া না হলে একসময় পুরো গ্রামই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ধোপাজান নদীর ভাঙনে গ্রামের অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় ২৫টি ঘর ছিল, সবই বিলীন হয়ে গেছে। এখন তাঁর বাড়িটিও ভাঙনের কাছাকাছি। বাড়ির আশপাশে বড় বড় ফাটল ধরেছে। নদী ধীরে ধীরে জমি গ্রাস করছে। সদরগড় গ্রামকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা মো. আব্দুর রহমান বলেন, সুরমা ও ধোপাজান নদীর ভাঙনে তাঁদের অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে। বর্তমানে তাঁর নিজের বাড়িটিও ভাঙনের মুখে। নদী ক্রমেই লোকালয়ের দিকে এগিয়ে আসছে। সামনে আরও ১০ থেকে ১৫টি ঘরবাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত বালুভর্তি বস্তা অথবা ব্লক ফেলার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শুধু বসতবাড়ি নয়, নদীভাঙনের কবলে পড়েছে গ্রামের খেলার মাঠও। মাঠে খেলতে আসা জাকারিয়া বলেন, এই মাঠে শিশু—কিশোর ও তরুণেরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করতেন। কিন্তু নদী ক্রমেই মাঠের জমি গ্রাস করছে। ইতোমধ্যে মাঠের একটি অংশ ভেঙে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে খেলাধুলার এই জায়গাটুকুও হারিয়ে যাবে।
তিনি বলেন, মাঠের অনেকটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। মাঠটি রক্ষায় সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
গ্রামের আরেক বাসিন্দা সুলেমান বলেন, কয়েক বছর ধরে ধোপাজান নদীর ভাঙনে তাঁদের ঘরবাড়ি ও আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় ভাঙনের তীব্রতা বেড়ে যায়। বর্তমানে নদীর পাড়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ডেমখালি থেকে মসজিদ পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে ব্লক অথবা বালুভর্তি বস্তা ফেলে দ্রুত প্রতিরক্ষাব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সুলেমান বলেন, বৃষ্টির দিন এলে ভাঙন আরও বাড়ে। নদীর পাড়ের একটি গাছের পাশেও ফাটল দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নদীভাঙনের কারণে গ্রামের মানুষের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। বাসিন্দা মোহাম্মদ রহমান বলেন, গত দুই—তিন বছর ধরে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে এলাকা পরিদর্শন করে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয় নি।
তিনি বলেন, এখানে আট থেকে দশটি পাকা ঘর ছিল। সেগুলো ভেঙে যাওয়ায় পরিবারগুলো অন্যত্র চলে গেছে। এভাবে ভাঙতে থাকলে একসময় পুরো গ্রাম উচ্ছেদ হয়ে যাবে। বিশেষ করে বৃষ্টি হলে ভাঙন আরও বাড়ে। সরকার দ্রুত প্রতিরক্ষার কাজ করলে তাঁরা নিজেদের ভিটেমাটিতে থাকতে পারবেন বলে আশাকরি।
স্থানীয় জনপ্রতিনিধিরাও দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন। সুরমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফসার পারভেজ বলেন, সদরগড় গ্রামের নদীভাঙন প্রায় ৩০ বছর ধরে চলছে। এ সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে গিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি।
তিনি বলেন, দুই—তিনটি পরিবার ইতোমধ্যে ভাঙনের শিকার হয়ে এলাকা ছেড়ে চলে গেছে। নদীর পাড়ে আরও কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। তাদেরও অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান সরকারের কাছে দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে নদীভাঙন রোধে তীর প্রতিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ—২) ইমদাদুল হক বলেন, সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত ধোপাজান ও সুরমা নদীসহ অন্যান্য নদ—নদীর ভাঙনপ্রবণ এলাকায় তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬—২০২৭ অর্থবছরের উন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
তিনি বলেন, বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। আর দরপত্র আহ্বান করা সম্ভব না হলে সব ভাঙনপ্রবণ এলাকা নিয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের প্রক্রিয়া নেওয়া হয়েছে। ডিপিপি অনুমোদিত হলে সেখান থেকেও দরপত্রের মাধ্যমে তীর প্রতিরক্ষার কাজ করা হবে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে তিনি জানান, এসব কার্যক্রম পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বের মধ্যে পড়ে না। পানি উন্নয়ন বোর্ড মূলত তীর প্রতিরক্ষা, বন্যা প্রতিরোধ এবং নদী—খাল খননের মতো উন্নয়নমূলক কাজ করে থাকে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দেখভাল করা যেতে পারে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন