৬ ক্যাচ নেওয়া লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১১:১৭

সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর উইকেটের পেছনে গ্লাভস হাতেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন লিটন দাস। এখন পর্যন্ত ৬টি ক্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। এতদিন ৫টি করে ক্যাচ নিয়ে যৌথভাবে এই রেকর্ডের শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন নিজেই।

 

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রোটিয়াদের প্রথম ইনিংসে পতন হওয়া ৭ উইকেটের ৬টিই নিজের গ্লাভসবন্দি করেছেন লিটন। এর মধ্য দিয়ে দেশের জার্সিতে নতুন মাইলফলক স্পর্শ করার পাশাপাশি বিশ্ব রেকর্ডে নাম লেখানোর সুবর্ণ সুযোগ চলে এসেছে তার সামনে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড রয়েছে পাঁচজনের— পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা।


দক্ষিণ আফ্রিকার ইনিংসের বাকি ৩ উইকেটে আর মাত্র একটি ক্যাচ নিতে পারলেই এই কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখাবেন লিটন। তবে দ্বিতীয় দিন বিকেলে রায়ান রিকেলটনের একটি ক্যাচ মিস না হলে এতক্ষণে বিশ্ব রেকর্ডটি লিটনের হয়ে যেত। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেওয়ার রেকর্ডটি যৌথভাবে তিনজনের দখলে ছিল।

 

২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে এবং ২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন মুশফিকুর রহিম। পরবর্তীতে ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বদলি কিপার হিসেবে নেমে ৫টি ক্যাচ নিয়ে মুশফিকের পাশে নাম লেখান ইমরুল কায়েস। আর গত অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেই রেকর্ডে ভাগ বসান লিটন দাসও। এবার এককভাবে শীর্ষস্থান দখল করলেন তিনি।

সূত্র: আগামীর সময় .কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার