প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:১০
সুনামগঞ্জ পৌর শহরের বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড ও বিস্কুট উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সুনামগঞ্জ পৌরসভার বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স মোঘল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে কারখানাটিতে বেশ কয়েকটি অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। এর মধ্যে রয়েছে— কারখানার সামগ্রিক পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর থাকা, বাধ্যতামূলক বিএসটিআই সিএম লাইসেন্সের আওতাভুক্ত খাদ্যপণ্যের মধ্যে মাত্র দুটি ছাড়া বাকিগুলোর লাইসেন্স না থাকা, খাদ্যপণ্যের মোড়কে যথাযথ প্রক্রিয়া ছাড়াই মেয়াদোত্তীর্ণের তারিখ সংযোজন, উৎপাদিত বিস্কুট যথাযথভাবে প্যাকেটজাত না করে অস্বাস্থ্যকর প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ এবং খাদ্যপণ্য তৈরিতে অপরিষ্কার তেল ব্যবহার। এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন—২০১৩—এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সাইফুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, নমুনা সংগ্রহ সহকারীসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীরা। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে সুনামগঞ্জ সদর মডেল থানার একটি টহল পুলিশ দল।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় সুনামগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, বিপণন ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন