ইজারার নামে অতিরিক্ত টাকা আদায় ‘শেষ পর্যন্ত এর বোঝা পড়ে সাধারণ মানুষের ওপর’

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:১৭

সুনামগঞ্জের নৌপথে ইজারার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বালু, চুনাপাথর ও কয়লা পরিবহনে বিভিন্ন স্থানে টাকা দিতে গিয়ে বাড়ছে পরিবহন ব্যয়। এর প্রভাব পড়ছে নির্মাণসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এ পরিস্থিতিতে ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত টাকা আদায় বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় এসব কথা বলেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. আব্দুল হক। সঞ্চালনা করেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: জাতীয় সংসদে সুনামগঞ্জের নৌপথে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
অ্যাড. আব্দুল হক: সুনামগঞ্জ—১ নির্বাচনী এলাকায় এটি দীর্ঘদিনের সমস্যা। এখানে বালুমহল রয়েছে। অতীতেও শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করে চাঁদা আদায় করা হয়েছে। যখন যে দল ক্ষমতায় ছিল, তাদের ছত্রচ্ছায়ায় এ ধরনের কার্যক্রম চলেছে। ১৯৮৯—৯০ সালের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জাদুকাটা আমার পার্শ্ববর্তী এলাকা। তখন শ্রমিকদের হয়রানি ও অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে আন্দোলন করেছি। ওই আন্দোলনের কারণে আমার বিরুদ্ধে একসঙ্গে ১৫টি মামলা হয়েছিল। এমনকি জেলও খাটতে হয়েছে। গত ১৫ বছরে ইজারার ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে। সরকার নির্ধারিত ইজারামূল্যের বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ৫০ লাখ টাকার ইজারা নিতে গিয়ে এক কোটি টাকা পর্যন্ত খরচ হয়। এই অতিরিক্ত টাকা আদায়ের চাপ শেষ পর্যন্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর পড়ে।
দৈনিক সুনামগঞ্জের খবর: এক কিলোমিটার পথ অতিক্রমের আগেই টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের ইজারা কতটা যৌক্তিক?
অ্যাড. আব্দুল হক: কোন জায়গায় কতটুকু ইজারা দেওয়া হয়েছে, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। আমি খেঁাজ নিয়ে দেখেছি, কয়েকটি ঘাট ইজারা নেওয়ার পর নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বিষয়টি সংসদে তুলে ধরেছেন। নিজ দলের সরকার থাকা অবস্থায় এ ধরনের অভিযোগ তুলে ধরা সাহসের বিষয়। আমার মনে হয়, তিনি চাঁদা আদায় বন্ধে চেষ্টা করেও সফল না হওয়ায় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন।

দৈনিক সুনামগঞ্জের খবর: বর্তমান ইজারা ব্যবস্থার পেছনে অনিয়ম কিংবা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন?
অ্যাড. আব্দুল হক: নিশ্চয়ই কিছু অনিয়ম রয়েছে। অনেক ইজারা সরাসরি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। কোথাও খাস কালেকশনের ব্যবস্থাও রয়েছে। সরকার রাজস্ব পাচ্ছে, কিন্তু ইজারা দেওয়ার পর নির্ধারিত শর্ত অনুযায়ী টাকা আদায় হচ্ছে কি না, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কি না, তা দেখভাল করা জরুরি। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এসব বিষয় তদারক করার। ইজারার সময় নির্দিষ্ট এলাকা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হলেও পরে অনেক ক্ষেত্রে আর যথাযথ নজরদারি থাকে না।
দৈনিক সুনামগঞ্জের খবর: অতিরিক্ত টাকা আদায়ের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর কী ধরনের প্রভাব পড়ছে?
অ্যাড. আব্দুল হক: ব্যবসায়ীরা তাঁদের পরিবহন ব্যয়ের সঙ্গে অতিরিক্ত টাকা আদায়ের খরচ যুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করেন। ফলে শেষ পর্যন্ত এর বোঝা সাধারণ মানুষের ওপর পড়ে।
ধরুন, কোনো ব্যবসায়ী প্রতি ঘনফুট বালু ৫০ টাকায় কিনতে পারতেন। কিন্তু পথে বিভিন্ন স্থানে পাঁচ, দশ কিংবা ২০ টাকা করে দিতে হলে সেই বালুর দাম ঢাকায় গিয়ে ৯০ টাকা পর্যন্ত হয়ে যায়। একজন মানুষ সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেন। সেখানে বালু, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেলে তাঁকেই অতিরিক্ত খরচ বহন করতে হয়।

দৈনিক সুনামগঞ্জের খবর: বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে কেউ টাকা আদায় করলে প্রশাসনের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
অ্যাড. আব্দুল হক: সরকার নির্ধারিত রয়্যালটির অতিরিক্ত টাকা আদায় করা হলে তা চাঁদাবাজির পর্যায়ে পড়ে। কেউ এ ধরনের হয়রানির শিকার হলে থানায় অভিযোগ করতে পারেন। প্রয়োজনে আদালতেরও আশ্রয় নেওয়া যেতে পারে।
তবে সাধারণ মানুষ অনেক সময় প্রতিবাদ করতে সাহস পান না। কারণ, প্রতিবাদ করলে পরবর্তী সময়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকে। এমনকি মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও রয়েছে। এ কারণে অনেকেই আইনের আশ্রয় নিতে চান না।
দৈনিক সুনামগঞ্জের খবর: নৌপথে চাঁদাবাজি ও অযৌক্তিক ইজারা বন্ধে সরকারের কাছে আপনার দাবি কী? এ ক্ষেত্রে বিএনপির ভূমিকা কী হতে পারে?
অ্যাড. আব্দুল হক: আমরা বিএনপি করি। চাঁদাবাজিকে কোনো অবস্থাতেই সমর্থন করি না। নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এলে আমরা বিষয়টি দেখব। তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব জেলা প্রশাসনের। জেলা প্রশাসন যদি নিশ্চিত করে যে ইজারার শর্তের বাইরে কেউ কোনো টাকা আদায় করতে পারবে না, তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই এ ধরনের কার্যক্রম বন্ধ করা সম্ভব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার