প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮
সংগৃহীত ছবি
লিওনেল মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে তরুণ মিডফিল্ডার নিকো পাজের নাম। তবে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি নিয়ে আপাতত কোনো ভাবনা নেই এই আর্জেন্টাইন ফুটবলারের। তার কাছে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নিকো পাজ। ম্যাচের সপ্তম মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেন পাজ। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারা সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে আজকের মতো দিনে, যখন এত মানুষ ও এত ভালোবাসা পেয়েছি।’
বর্তমানে আর্জেন্টিনার হয়ে ১৮ নম্বর জার্সি পরেন পাজ। তবে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় রয়েছে। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পাঁচ ম্যাচে পাঁচ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তিনি।
তবে মেসির ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন না পাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা হলো, আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ, ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। এ কারণেই আমি খেলি, এভাবেই চালিয়ে যেতে চাই।’
যদিও পাজ নিজে বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না, তবে সতীর্থদের মধ্যে তাকে আর্জেন্টিনার পরবর্তী ১০ নম্বর হিসেবে দেখার প্রত্যাশা রয়েছে। এর আগে বলিভিয়ার বিপক্ষে জয়ের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পাজকে ‘নতুন ১০ নম্বর’ বলে ইঙ্গিত দিয়েছিলেন।
সব মিলিয়ে মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবেন, তা সময়ই বলে দেবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে নিকো পাজ যে আলোচনার অন্যতম বড় দাবিদার হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না।
সূত্র: আরটিভি নিউজ.কম
এসএ
খেলাধুলা থেকে আরো পড়ুন