প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১২:০১
সংগৃহীত ছবি
কলকাতায় সাতপাক আর কালিম্পংয়ে তিন দিনের বর্ণাঢ্য আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। মিমির এই বিয়েকে ঘিরে তার পৈতৃক নিবাস ও জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার মামাবাড়িতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
কলেজ জীবন থেকে কলকাতায় থিতু হলেও জলপাইগুড়ির শিকড়ের টান বরাবরই অটুট রেখেছেন মিমি। অভিনয় আর রাজনীতির ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ছুটে গেছেন নিজের বাড়ি ও পাশের মামাবাড়িতে। পাড়ার পূজায় ঢাক বাজানো থেকে শুরু করে এলাকার মানুষের সঙ্গে মিশে যাওয়া, সবকিছুতেই ছিল তার সরব উপস্থিতি। তাই আদরের ভাগনির বিয়ে নিয়ে গোটা পান্ডাপাড়া কালীবাড়ি এলাকাতেই এখন চলছে জোর আলোচনা।
বিয়ের আয়োজন প্রসঙ্গে মিমির মামা রাম চক্রবর্তী জানান, একেবারেই ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানটি হতে যাচ্ছে। কলকাতায় মূল বিয়ে হলেও পাহাড়ে তিন দিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। মামাবাড়ির দিক থেকেই মিমির আত্মীয়ের সংখ্যা পঞ্চাশের বেশি। দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় পরিবারের সদস্যরাও দুই ভাগে ভাগ হয়ে অংশ নেবেন। আত্মীয়দের একাংশ যাবেন কলকাতার আয়োজনে এবং বাকিরা যোগ দেবেন কালিম্পংয়ের অনুষ্ঠানে।
জানা গেছে, আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় মিমির বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগেই বাগদান ও অন্যান্য মাঙ্গলিক পর্ব কলকাতাতেই সেরে নেওয়া হবে। এরপর আগামী ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে পরবর্তী অনুষ্ঠান, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এসব আয়োজনে টালিউডের কেবল মিমি ঘনিষ্ঠ সহকর্মীরাই আমন্ত্রিত থাকবেন বলে জানা গেছে।
বিয়ের অতিথি তালিকা কিংবা পাত্রের পরিচয় নিয়ে এখনই সরাসরি মুখ খুলতে নারাজ মিমির মামাবাড়ির সদস্যরা। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর বিয়ের আমন্ত্রণপত্র। কার্ডে বিশেষভাবে নজর কেড়েছে মিমির তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদুর নাম।
পরিবারের সদস্যরা পাত্রের পরিচয় গোপন রাখলেও গুঞ্জন রয়েছে, সিদ্ধার্থ দত্ত নামের একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন মিমি। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান মামা রাম চক্রবর্তী। তিনি বলেন, ‘মিমি আমাদের অত্যন্ত আদরের। ওর বিয়ে মানে আমাদের কাছে বিশাল আনন্দের বিষয়। মিমির পছন্দ এবং মনের মতো করেই সব আয়োজন হচ্ছে। আমরা সবাই খুব খুশি, আপাতত এটুকুই বলতে পারি।’
সূত্র: কালবেলা .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন