চেলায় বালু লু‘টের লীলা

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৪০

দোয়ারাবাজারে ইজারাধীন চেলা নদীই এখন স্থানীয় মানুষের গলার কাঁটা। ইজারাধীন নদীর দোহাই দিয়ে প্রকাশ্যে লুট করা হয়েছে ইজারাবহির্ভূত নদী ও নদীতীরের কোটি কোটি টাকার বালু। এতে হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রামের বাড়িঘর। এমন হরিলুটের ঘটনায় স্থানীয় ও বালু শ্রমিকদের বিরুদ্ধে হয়েছে মামলা। তবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে ইজারা বাতিল, জরিমানা, জামানত বাজেয়াপ্ত কিংবা অন্য কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয় নি। স্থানীয়দের অভিযোগ, ইজারা শর্ত ভঙ্গ হয়েছে এখানে। ইজারাদার শাহ্ রুবেল আহমদ অবশ্য বলেছেন, ‘ইজারাধীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটে নি।’ 

 

 

 


চলতি অর্থবছরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর বালু মহাল প্রায় ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়। ইজারাকে কাজে লাগিয়ে সীমানার বাইরে মরাচেলা নদী ও নদী তীরবর্তী বিভিন্ন স্থান থেকেও বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে। দিন— রাত ড্রেজার ও সেভ মেশিন বসিয়ে নদীর পাড় কেটে বালু তোলা হয়েছে এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এতে নদীর তীরবর্তী জনপদ হুমকির মুখে পড়েছে। এরমধ্যে রয়েছে পূর্ব সোনাপুর, উত্তর সোনাপুর, শাহআরফিন পাড়া, হাবিব নগর, সোনাপুর ও চারগাঁও গ্রাম। ভাঙনের ঝঁুকিতে রয়েছে মাদ্রাসা, মসজিদ এমনকী কবরস্থানও। 
মরাচেলা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় ও বালু শ্রমিকসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিনে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। 

 


এলাকায় সরেজমিনে গেলে পূর্ব সোনাপুর মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল হাকিম বলেন, আমাদের গ্রামে মসজিদ— মাদ্রাসাসহ চারটি প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে মসজিদ— মাদ্রাসা প্রায় ৬০ বছরের পুরোনো। অথচ এসব প্রতিষ্ঠানের রক্ষক হওয়ার কথা যাদের, তারাই এখন ভক্ষক হয়ে উঠেছেন। একসময় নদীর তীরবর্তী জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতাম। কিন্তু ড্রেজার দিয়ে বালু তুলতে তুলতে সেই জমি এখন পুরোপুরি বিলীন করে দেওয়া হয়েছে। সরকার ইজারা দিয়েছে মূলনদী, অথচ ইজারার দোহাই দিয়ে নদীর পাড় ও ফসলি জমি কেটে বালু উত্তোলন করা হয়েছে।

 


তিনি আরও বলেন, কাঁচা টাকার লোভে এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ বালু লুটে সহযোগিতা করছে। বাকি ১০ শতাংশ মানুষ প্রতিবাদ করতে পারছে না, আবার এই ক্ষতিও নীরবে সহ্য করতে পারছে না। ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিলো না। ছোটবেলায় ‘খাল কেটে কুমির আনার’ গল্প শুনেছি, এবার তা নিজের চোখেই দেখছি। তবে প্রভাবশালীদের নাম প্রকাশ করতে রাজি হন নি আব্দুল হাকিম।
বালুমহাল ইজারা ও বালু উত্তোলনের বিষয়ে রয়েছে সুনির্দিষ্ট আইন ও নীতিমালা। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, নদীর তীরভাঙনের আশঙ্কা তৈরি হয় কিংবা পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ক্ষতি হয়, এমন স্থানে বালু উত্তোলন নিষিদ্ধ। আইনের ৪ ধারায় এসব নিষেধাজ্ঞা রয়েছে। ৫ ধারায় নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ এবং উপযুক্ত ড্রেজার ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। নিষিদ্ধ পদ্ধতিতে উত্তোলন করলে আইন লঙ্ঘনের দায় তৈরি হতে পারে। 

 

 

 

 

 


সংশোধিত আইনের ১০(৮) ধারায় বালুমহালের সীমানা ও বালুর পরিমাণ নির্ধারণ, উত্তোলন পর্যবেক্ষণ এবং অবৈধ বা অতিরিক্ত বালু উত্তোলনে নদীভাঙন, ঘরবাড়ি, স্থাপনা, ফসল কিংবা পরিবেশের ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এক্ষেত্রে ইজারাগ্রহীতার জামানত থেকে ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি নির্ধারণের ক্ষমতাও প্রশাসনকে দেওয়া হয়েছে।
আইনের ১৪ ধারা অনুযায়ী, ইজারাগ্রহীতা চুক্তির শর্ত ভঙ্গ করলে জেলা প্রশাসক কারণ দর্শানোর সুযোগ দিয়ে ইজারা বাতিল ও তাকে কালো তালিকাভুক্ত করতে পারেন। ইজারা বাতিল হলে ১৪(২) ধারা অনুযায়ী জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। অন্যদিকে, ১৫ ধারায় আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। 


আইনে প্রতিকারের সুযোগ থাকার পরও ইজারাগ্রহীতার বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয় নি মনে করছেন পরিবেশ আন্দোলনকর্মীরা। তাদের প্রশ্ন, নদীর পাড় কেটে কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগে মামলা হলেও ইজারার শর্ত ভঙ্গের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

 


সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার বলেন, চেলা নদীতে বালু লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ৫ কোটি টাকার মামলা দিয়েছে। কিন্তু ওখানে আরও বেশি টাকার বালু লুটপাট করা হয়েছে। এর দায় বর্তায় ইজারাদারের উপর। তিনি নদীর নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি এনেছেন। সেখানে কেউ ড্রেজার দিয়ে পার, জমি কেটে বালু তুললে এর দায় তিনি এড়াতে পারেন না। এমন অবৈধ কাজের জন্য স্থানীয় বালু শ্রমিকের বিরুদ্ধে মামলা হলেও ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখি নি। এজন্য প্রশাসনের মোবাইল কোর্ট, জেল জরিমানা দিয়েও বালু লুট ঠেকানো যাচ্ছে না।
চেলা নদীর ২০২৬ সালের ইজারা চুক্তির ৯ নম্বর শর্তে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া রাতে বালু উত্তোলন ও পরিবহন করা যাবে না। ১৯ নম্বর শর্ত অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা যাবে না। চুক্তির ১৮ নম্বর শর্তে বলা হয়েছে, কোনো শর্ত ভঙ্গ হলে ইজারাদাতা তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ, ইজারা বাতিল এবং ইজারাগ্রহীতাকে কালো তালিকাভুক্ত করতে পারবেন।

 

 
এ ছাড়া চুক্তির ২৩ নম্বর শর্তে বালু বা মাটি উত্তোলনের সময় স্থানীয় জনগণের জায়গা—জমির ক্ষতি না করার কথা বলা হয়েছে। ক্ষতি হলে ইজারাগ্রহীতাকেই নিজ উদ্যোগে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। 
চেলা নদীর ইজারাদার শাহ রুবেল আহমদ বলেন, নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে প্রায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। নদী খননের জন্য এক্সকেভেটর (ভেকু) ব্যবহার করা হচ্ছে। এখন প্রতিদিন একেবারেই কম অর্থাৎ ১৫ থেকে ২০ হাজার টাকা রয়েলিটি আদায় হচ্ছে। ইজারাধীন এলাকার বাইরে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছি। তবে ইজারাধীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটে নি। আমরা এখন ক্ষতির হিসেবে আছি। মরাচেলা নদীতে পাড় কাটার বিষয়ে আরও এক মাস আগেই পানি থাকার সময় আমি নিজেই লিখিত আবেদন করে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আবেদনের প্রেক্ষিতে মোবাইল কোর্টও হয়েছে।
ইজারা নীতিমালার ব্যত্যয়ের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট সুনজিত কুমার চন্দের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

 


পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট সুনজিত কুমার চন্দ বলেন, ইজারাধীন বালুমহালে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইজারাধীন এলাকার বাইরে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি টাস্কফোর্সের অভিযানও পরিচালনা করা হচ্ছে।
ইজারা নীতিমালার ব্যতয়ের বিষয়ে তিনি বলেন, মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে পরিচালনা করা হয়। অভিযানের সময় উপস্থিত ম্যাজিস্টে্রটের সামনে যাদের পাওয়া যায়, তাদেরই শাস্তির আওতায় আনা হয়। তবে ইজারা নীতিমালা ব্যতয়ের বিষয়ে ইজারাদারকে শোকজ করার দায়িত্ব রাজস্ব বিভাগের। আমার জানামতে, ইজারাদারকেও শোকজ করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার