আইসিজে’র ঐতিহাসিক রায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটুকু ভূমিকা রাখবে ?

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৩১

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো দমন—নির্যাতনকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়ে এ জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী করেছে। চূড়ান্ত এই রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মভূমিতে মর্যাদাপূর্ণ পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়া হয়েছে। মিয়ানমারের জন্য এই আদেশ মানা বাধ্যতামূলক। এই রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের কোনো সুযোগ নেই। আইসিজে’র রায় বাস্তবায়নের নিজস্ব কোনো বলপ্রয়োগের অধিকার নেই। মিয়ানমার যদি এই রায় না মানে তাহলে আইসিজে বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদকে অবহিত করতে পারে। সাধারণ পরিষদ তখন মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক এই আদালতে ২০১৯ সনে মামলাটি দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সরকার বর্বরতম বলপ্রয়োগ করে সম্পাদিত হত্যা, নির্যাতন, বিতাড়নকে জেনোসাইড বলে স্বীকৃতি দান আন্তর্জাতিক মানদণ্ডে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভবিষ্যতে প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের গণহত্যা, ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি দায়ের করা গণহত্যার মামলায় এই রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে ভূমিকা রাখবে। ধর্ম, বর্ণ বা জাতি হিসেবে কোনো গোষ্ঠীকে জোরপূর্বক নিধন ও বিতাড়ন প্রক্রিয়াই জেনোসাইড হিসেবে স্বীকৃত হয়। আইসিজে’র এই রায় বৈশি^কভাবে অতিশয় তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের জন্য তো অবশ্যই। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবন যাপন করছেন। এরা জীবন বাঁচাতে জন্মভূমি ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। রাখাইন রাজ্যের অপরিহার্য জনগোষ্ঠী ও সে দেশের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পরিচালিত নৃশংস জেনোসাইডের বিরুদ্ধে দেয়া এই রায় বিশ^ব্যাপী নিপীড়িত ও সহিংসতার শিকার জনগোষ্ঠীর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এখন দেখার বিষয় আন্তর্জাতিক আদালতের এই রায় বাংলাদেশ কতোটা বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারে। 

 


নানাবিধ সংকটে জর্জরিত বাংলাদেশের বড় এক সমস্যার নাম রোহিঙ্গাদের প্রতিপালন। মানবিক কারণে আন্তর্জাতিক অনুরোধের প্রেক্ষিতে পাশ^র্বর্তী দেশ হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হয় বাংলাদেশ। প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক দাতাসংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো সাহায্যের হাত প্রসারিত করলেও এখন এই সহায়তা অনেকটাই কমে গেছে। আন্তর্জাতিক আলাপ—আলোচনার জায়গা থেকেও রোহিঙ্গা ইস্যুটি হারিয়ে যাচ্ছে। এর মাঝে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বহু উদ্যেগ গ্রহণ করা হয়। কিন্তু মিয়ানমার নানা ধরনের ছল—চাতুরির মধ্য দিয়ে তা এড়িয়ে যাচ্ছে। বস্তুত রোহিঙ্গাদের স্বদেশে—জন্মভিটায় ফেরৎ যাওয়ার বিষয়টিই এখন হয়ে উঠেছে দারুণ অনিশ্চিত। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সামাজিক ভারসাম্য ও আইন—শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হচ্ছে। রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে। দ্রুত এই সমস্যার সমাধান জরুরি হলেও বাংলাদেশ মিয়ানমারের উপর প্রভাব বিস্তারকারী ক্ষমতাধর দেশগুলোর সাথে সমন্বয় করে মিয়ানমারকে ইতিবাচক জায়গায় নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে। এ রকম অবস্থায় আইসিজে’র এই রায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক শক্তি হয়ে কাজ করবে বলেই আমরা মনে করি। তবে এ জন্য দরকার দক্ষ কূটনৈতিক যোগাযোগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমন্বয়, মিয়ানমারকে আইজিসে’র রায় বাস্তবায়নে বাধ্য করার উপযুক্ত কৌশল গ্রহণ। 

 


এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়ও কম কিছু নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলো অতীতে যে বড় মুখ নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছিলো, এখন এই নিপীড়িত জাতি—গোষ্ঠীর মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ব্যর্থ হলে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। বাংলাদেশকে এখন দক্ষতা ও কৌশলের সাথে সকল পক্ষের সাথে সমন্বয় বাড়াতে হবে এবং দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ যাওয়ার ব্যবস্থা করতে হবে। এটি না হলে আইসিজে’র ঐতিহাসিক রায় যেমন ব্যর্থতায় পর্যবসিত হবে তেমনি বিশ^ব্যাপী পরিচালিত গণহত্যাগুলোও উপেক্ষার গভীর আস্তরণের নিচে চাপা পড়ে যাবে। ভবিষ্যতেও এমন অপরাধকাণ্ড বাড়ার আশঙ্কা আছে। সুতরাং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ক্ষেত্রে যার যে ভূমিকা তা পালন করা অবশ্য কর্তব্য। বাংলাদেশের দায়িত্ব কেবল এই রায়কে সর্বত্র যথাযথভাবে উপস্থাপন ও কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে রায়ের নির্দেশ বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করা। এই রায় বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর মানুষ হিসেবে আমরা কতটুকু সুসভ্য ও মানবিক হয়ে উঠেছি তারও প্রমাণ পাওয়া যাবে। আইসিজে’র একটি রায় বিশে^র সামনে জাতিগত নিধনের বিরুদ্ধে যে ধ্রুবতারা হয়ে আবির্ভূত হয়েছে তা অনুসরণ করা এখন মানবিক পৃথিবীর অবশ্যকর্তব্য। জানি না আধিপত্যবাদী বিশ^ব্যবস্থা এই জায়গায় কতোটা সফলতা দেখাতে সক্ষম হবে।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার