‘শ্রীকান্ত দাশের জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনন্য শিক্ষা’

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২২:২০

গানে গানে কমরেড শ্রীকান্ত দাশ স্মরণানুষ্ঠানে বক্তারা

শিল্পী ও সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম প্রয়াণদিবস উপলক্ষে গত ১৯ নভেম্বর ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শোষণ ও দারিদ্র্যলাঞ্চিত সমাজের বিরুদ্ধে আপসহীন এই দ্রোহী সংগ্রামী ও সমাজ পরিবর্তনের চিন্তকের স্মরণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা শ্রেণিপেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

 

কানাডার মন্ট্রিয়ল, টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় দুপুর ৩টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠানটি শুরু হয়। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মন্ট্রিয়ল উদীচীর সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কমরেড শ্রীকান্ত দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 


সঞ্চালক তাজুল মোহাম্মদ স্মৃতিচারণ করে বলেন, হাওরের যোগাযোগ উন্নয়নে উড়াল সেতুর যে চিন্তা ও বাস্তবায়ন পরবর্তী সময়ে দেখা গেছে, তার দর্শন আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের ভাবনায় ছিল। তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি শ্রীকান্ত দাশের কণ্ঠ ছিল আরেকটি বড় হাতিয়ার। তৎকালীন নেতাদের বক্তব্যের অনেক কিছুই তিনি গানে ও কণ্ঠে তুলে ধরতেন; যেখানে অনেকে অর্থ—বিত্তের কথা ভাবতেন, সেখানে তিনি ভাবতেন সমাজ বদলের কথা।
স্মরণসভায় আলোচকরা কমরেড শ্রীকান্ত দাশের জীবন, আদর্শ ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন। লেখক ও রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী তাকে ‘ভূমিপুত্র’ আখ্যা দিয়ে বলেন, সমাজ পরিবর্তনের প্রতি নিষ্ঠা, আত্মনিবেদন, নির্লোভ জীবনযাপন ও নীতি—আদর্শে অবিচল থাকা নতুন প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষা। 

 


সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, সমাজতন্ত্র ছিল তার আদর্শ এবং কথায়, কাগজে ও তথ্যে নয়—বাস্তব প্রয়োগে তার জীবন ছিল অনুকরণীয়।
অধ্যাপক ডা. সুধেন্দু বিকাশ দাস শ্রীকান্ত দাশ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। 
বাম রাজনীতিক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন পাকিস্তান আমলে বাম রাজনীতি নিষিদ্ধ থাকাকালীন কর্মকাণ্ডের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ১৯৬৮ সালের সিলেট জেলার গোপন কংগ্রেস শ্রীকান্ত দাশের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল, যা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তার আস্থার প্রমাণ। 

 


আইনজীবী ও লেখক সুব্রত দাশ বলেন, যাদের জন্য সংগ্রাম, তাদের কাছাকাছি থেকে কাজ করার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম তাকে পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার ও কমরেড শ্রীকান্ত দাশের ছেলে সুশান্ত দাস।

 

আলোচনার ফাঁকে গান পরিবেশন করেন বিমান তালুকদার, গণমাধ্যমকর্মী সন্দীপন শুভ এবং সিলেট উদীচীর শ্রমিক সন্দীপ। তারা কমরেড শ্রীকান্ত দাশের জীবনবোধ ও আদর্শের সঙ্গে সংগতি রেখে গান গেয়ে শোনান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে কমরেড শ্রীকান্ত দাশের মতো ব্যক্তিত্বের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সবশেষে শিল্পী শাহ আবদুল করিমের ‘তুমি মানুষ আমি মানুষ...’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 


ভার্চুয়াল এই স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, যুক্তরাজ্যে সিপিবি ও বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলী, দুরন্ত দাস, মতিয়ার মিয়া, কাজল সরকার, প্রসেনজিৎ চৌধুরী, শিমুল চন্দ্র দাস, উর্মি তালুকদার, এল্টন সরকার, রেমী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, রথীন্দ্র সরকার, দেবেশ দাস, মৃদুল চন্দ্র দাস ও জুয়েল মজুমদারসহ দেশ—বিদেশের বহু মানুষ যুক্ত ছিলেন।

 


প্রসঙ্গত, ১৯২৪ সালের ৫ জুলাই সুনামগঞ্জের শাল্লার আঙ্গারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কমরেড শ্রীকান্ত দাশ। চল্লিশের দশকে রাজনীতি ও গণসংগীতে যুক্ত হন তিনি। ১৩৫০ বঙ্গাব্দের ফাল্গুনে (১৯৪৩/১৯৪৪) সুরমা উপত্যকায় অষ্টম কৃষক সম্মেলন, ১৯৪৪/১৯৪৫ সালে নেত্রকোনায় অল ইন্ডিয়া কৃষক সম্মেলন এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহূত কাগমারী সম্মেলনেও তিনি সম্পৃক্ত ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার ‘কাউয়ায় ধান খাইলরে, খেদানোর মানুষ নাই’ গানটি ব্যাপক পরিচিতি পায়।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার