সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃ‘ত্যু

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:০৭

জামালগঞ্জে শোকের ছায়া

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর মারা গেলেন জামালগঞ্জ উপজেলার ভান্ডা মাখরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রাণা তালুকদার। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটের আল—হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিদ্যালয় থেকে মোটরসাইকেলে দিরাই যাওয়ার পথে দিরাই উপজেলার রাজানগর এলাকায় দুর্ঘটনার শিকার হন জুয়েল রাণা তালুকদার। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

 


জুয়েল রাণা তালুকদার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাবেক সহকারী শিক্ষক সুবোধ চন্দ্র তালুকদারের ছেলে। তার স্ত্রী মনি রাণী রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের একমাত্র সন্তান সোহম তালুকদার অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বাবার এমন অকাল মৃত্যুতে পরিবারটির উপর নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 


জুয়েল রাণা তালুকদার একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে ছিলেন প্রিয় ও সহকর্মীদের কাছে ছিলেন দায়িত্বশীল মানুষ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, বন্ধু—বান্ধব, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। 

 


শোক প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অতুল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সাফিজ উদ্দিন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পিসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

 


জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার বলেন, জুয়েল রাণা তালুকদার ছিলেন একজন নিষ্ঠাবান, আদর্শ ও দায়িত্বশীল শিক্ষক। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা পরিবার একজন অভিজ্ঞ সহকর্মীকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার