প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২২:৫৪
দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর মূল্যবান বালু এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে উঠেছে। এলাকার মানুষ বলছেন, খাল কেটে কুমির আনার কথা প্রবচনে শুনেছি, এখন বাস্তবে দেখলাম। বস্তুত লুটেরাচক্রকেই তাঁরা কুমির হিসেবে আখ্যায়িত করছেন। চলতি অর্থ বছরের জন্য নদীর নির্দিষ্ট এলাকায় শর্তাধীনে বালু আহরণের ইজারা দেয়া হয়েছে।
বাস্তবে ইজারার কোনো শর্তই এখানে পালিত হয় না। সীমানার বাইরে যান্ত্রিক খননযন্ত্রের মাধ্যমে বালু আহরণ করা হয়। নদীর পাড় কাটা হয়। এতে নদী তীরবর্তী অঞ্চলের বসতি বিপন্ন হতে চলেছে। পরিবেশ অধিদপ্তরের মতে গত ১০ দিনে এই নদী থেকে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে, যার আনুমানিক মূল্য অন্তত ৫ কোটি টাকা। বালু আহরণে দেদারসে ব্যবহার করা হয় খননযন্ত্র। পরিবেশ অধিদপ্তর ৩৭ জনের নামে মামলা করেছে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের অভিযোগে। প্রশাসনিক ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হয়। কিন্তু কোনো ব্যবস্থাই বালুর অবাধ লুণ্ঠন ঠেকাতে পারে না। চেলা নদীতে এখন যে আগ্রাসন ও পরিবেশ ধ্বংসের মহোৎসব চলছে, তাই ঘটে চলেছে জাদুকাটায়, তাই ঘটেছিলো ধোপাজানে। অর্থাৎ বালু—সম্পদের অধিকারী নদীগুলো নিজের সম্পদের কারণেই লাঞ্ছনার শিকার। শামুক যেমন নিজের শরীরে থাকা ঝিনুকের জন্য প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয় তেমনি বালু—পাথরের জন্য বিলীন হতে চলেছে আমাদের নদীকেন্দ্রিক সভ্যতা, বসতি ও স্থাপনা। স্থানীয় ভোক্তভোগী যারা এই প্রতিক্রিয়ার শিকার তাঁদের কথা কানে তোলার মতো নেই কেউ। ভয়ে তাঁরা এই লুণ্ঠনযজ্ঞের সাথে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করতেও ভয়ে কাঁপেন। চেলা নদীর ক্ষেত্রে আরেকটি হতাশাজনক খবর পাওয়া গেলো যা গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদে উল্লেখ আছে। নদী তীরের পূর্ব সোনাপুর মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল হাকিম সুনামগঞ্জের খবরকে বলেছেন, ‘কাঁচা টাকার লোভে এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ বালু লুটে সহযোগিতা করছেন।’ বুঝাই যায় নদী তীরের মানুষ এই অবৈধ প্রক্রিয়া থেকে লাভবান হয় এবং তাঁদের ছিটেফোঁটা আর্থিক উচ্ছিষ্ট দিয়ে প্রভাবশালীরা স্থানীয় গণপ্রতিরোধ ও প্রতিবাদের মুখে লাগাম দিয়ে রেখেছে। এই যখন অবস্থা তখন আর বলার কিছু থাকে কি ?
তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের ও সরকারি প্রতিষ্ঠানের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বেআইনি কর্মকাণ্ড পৃষ্ঠপোষকতা ছাড়া অবাধে বেশিদিন চলতে পারে না। বিভিন্ন বালুমহালে অবৈধ ও পরিবেশ বিধ্বংসী বালু আহরণের যে নৈমিত্তিক সংবাদ প্রকাশিত হয় তার পিছনে রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ বহু পুরনো। পৃষ্ঠপোষকতা দানের সংস্কৃতি বন্ধ না হওয়া পর্যন্ত বেআইনি কর্মকাণ্ডও বন্ধ হওয়ার নয়। যেসব শর্তে বালুমহাল ইজারা দেয়া হয় তন্মধ্যে আছে— রাতে বালু আহরণ নিষিদ্ধ, কিন্তু প্রায়ই রাতেও বেপরোয়া বালু তোলা ও পরিবহনের খবর পাওয়া যায়। ইজারাচুক্তির ১৯ নং শর্তে আছে— কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রেজার ব্যবহার করা যাবে না। আমাদের প্রশ্ন— এখন যে যান্ত্রিক খননযন্ত্র ব্যবহৃত হচ্ছে তা কি প্রশাসনিক অনুমোদনক্রমে ? ২৩ নম্বর শর্তে স্থানীয় মানুষের জায়গা—জমির ক্ষতি না করার কথা আছে। কিন্তু তা তো হচ্ছেই। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩ অনুযায়ী বেপরোয়া বালু বা মাটি আহরণের কারণে যদি নদী তীরে ভাঙন ঝঁুকি তৈরি হয় কিংবা পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই জায়গায় বালু বা মাটি আহরণ নিষিদ্ধ। আহরণ করার কারণে এই ধরনের ক্ষতি সংঘটিত হলে ওই আইনে ইজারাদারকে ক্ষতিপূরণের আওতায় আনার সুনির্দিষ্ট বিধান বিদ্যমান। কিন্তু কোনো বালুমহালে প্রকৃতি, পরিবেশ, মানুষ ও বসতির এইরূপ ক্ষতির জন্য কাউকে দায়ী করে কোনো ব্যবস্থা গ্রহণের নজির স্থাপিত হতে দেখা যায় নি। অথচ প্রতিনিয়তই এই ধরনের ক্ষতি হয়ে চলেছে। সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও যখন তা বাস্তবায়িত হয় না তখন তাকে পৃষ্ঠপোষকতা ছাড়া আর কী বলার আছে ? কোনো আইনই স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয় না। আইনপ্রয়োগের জন্য দায়িত্বপ্রাপ্তদের তা প্রয়োগ করতে হয়। আইনের যথাযথ প্রয়োগ হলে অনিষ্টকারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকতো বলেই আমরা মনে করি।
চেলা নদীর বালু লুট নিয়ে সুনামগঞ্জের খবরে যে সংবাদ প্রকাশ হয়েছে তার প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তৃপক্ষ কি কোনো প্রতিকার গ্রহণের দিকে এগোবেন ? এই প্রশ্ন বালুবাহিত সকল নদ—নদী তীরের মানুষের। সকলের প্রশ্ন উপযুক্ত কর্তৃপক্ষ যখন সফলতার পরিচয় দিতে পারছেন না, তখন বালু লুট ঠেকানোর দায়িত্ব কার ?
সম্পাদকীয় থেকে আরো পড়ুন