প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২৩:০২
শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নে দুই কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থে দুই বছর ধরে এমন আয়োজন করছেন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। তিনি মনে করেন, বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহুর্তে মেধা যাই পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে একটি ইতিবাচক প্রতিযোগিতামূল মনোভাব সৃষ্টিতে ভূমিকা রাখবে। তাছাড়া চতুর্থ শ্রেণির পাশাপাশি বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক, বিভিন্ন মেধাবৃত্তি ও সরকারি বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতেও এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভিূমিকা রাখবে।
পরীক্ষার পরিচালক মশিউর রহমান রাজা জানান, ইউনিয়নের আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে মোট ৬শ’ ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪৬ ও আমরিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে ২৯০ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মাছুম আহমদ ভূঁইয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, ইউপি সদস্য মাসুক আলী, সুমন মিয়া ও গোলাম কিবরিয়া সুজন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আমরিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম ও আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাস। পরীক্ষা পর্যবেক্ষক ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী।
অভিভাবক রাজমিন আক্তার লুনা ও সিতু মিয়া বলেন, চেয়ারম্যান সুফি মিয়ার উদ্যোগে যে পরীক্ষাটি নেওয়া হচ্ছে তা অত্যন্ত ভালো একটি কাজ। ছেলেমেয়েদের ভবিষ্যত এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই ফলপ্রসু হবে। এই পরীক্ষা অব্যাহত রাখার আহবান জানান তারা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ২০২৫ সালে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে শান্তিগঞ্জ মডেল নামেও এই পরীক্ষা নেওয়া হয়েছিলো যা দেশব্যাপী প্রশংসা পেয়েছে। এই পরীক্ষার আদলে আজ আরেকটি পরীক্ষা শিমুলবাঁক ইউনিয়নেও অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান সাহেবরা বিশেষ করে সুফি মিয়া সাহেব প্রশংসার দাবি রাখেন। শিক্ষার মানোন্নয়নে এমন আয়োজনকে আমরা অবশ্যই পৃষ্ঠপোষকতা করবো। অন্যান্য ইউনিয়নে এই পরীক্ষার আয়োজনের ব্যবস্থা করা হবে।
আয়োজক সুফি মিয়া বলেন, এই পরীক্ষার পুরো খরচ ব্যয় করা জনগনের ট্যাক্সের টাকা থেকে। হোল্ডিং ও ব্যবসায়ীক ট্যাক্স থেকে আয়কৃত সব টাকা এই খাতে ব্যয় করা হয়। আমি যতদিন পরিষদের চেয়ারম্যান হিসেবে থাকবো চেষ্টা করবো সুন্দর করে আয়োজনটি অব্যাহত রাখার। পরে যিনি আসবেন তার প্রতিও আমার আহ্বান থাকবে যেনো পরীক্ষাটা অব্যাহত রাখেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন