প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২৩:০৫
নভেম্বরের শেষ ভাগ চলে এলেও সুনামগঞ্জে এখনো জেঁকে বসেনি শীত। কয়েক সপ্তাহ ধরে দিনের বেলায় রোদের তীব্রতায় গরমের অস্বস্তি থাকলেও গত দুদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বদলে গেছে আবহাওয়া। ভেজা বাতাসে তাপমাত্রা কমে শীতের অনুভূতি তৈরি হয়েছে। বৃষ্টিতে শহরের স্বাভাবিক চলাচলে কিছুটা ছন্দপতন ঘটেছে। শীতের পোশাকের বাজারে ক্রেতাদের আনাগোনা শুরু হলেও বেচাকেনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ভিন্ন অভিজ্ঞতা। অন্যদিকে, হাওরাঞ্চলে বোরো বীজতলা তৈরির জন্য আরও বৃষ্টির প্রত্যাশা করছেন কৃষকরা। আবহাওয়ার এই পরিবর্তনে শিশুদের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
.jpg)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবারে সুনামগঞ্জে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৬ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস ছিল। কয়েক দিন আগেও দিনের বেলায় রোদের তীব্রতায় গরম অনুভূত হচ্ছিল। রাতে কিছুটা ঠান্ডা থাকলেও ভোরের পর আবার গরমের অস্বস্তি ফিরে আসত। কিন্তু সকালের বৃষ্টির পর ভেজা বাতাসে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসের আর্দ্রতা ও বৃষ্টির কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করে। এ সময় অনেকেই লেপ—কম্বল বের করেন, শীতের পোশাক কেনার প্রস্তুতি নেন। কিন্তু এবার নভেম্বরের শেষ দিকে এসেও দিনের বেলায় ফ্যান চালাতে হচ্ছে। এ কারণে শীতের প্রস্তুতি নিতে কিছুটা দেরি করেছেন অনেকে। কিন্তু সকালের বৃষ্টির রেশ কাটতেই শীতের অনুভূতি শুরু হয়েছে।
হঠাৎ বৃষ্টির প্রভাব পড়েছে শহরের দৈনন্দিন জীবনেও। সকাল থেকে হাটবাজার ও সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হন নি। এতে সড়কে যাত্রী কম থাকায় রিকশাচালকসহ পরিবহন শ্রমিকদের আয়েও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শহরের এক রিকশাচালক আলাউদ্দিন বলেন, ‘আজকে তেমন রোজগার হয়নি। বৃষ্টি আইবো এমন ভাব দেখে মানুষও তেমন একটা বাইরে বের হইছে না। বাজারেও বেশি মানুষ নেই।’
.jpg)
তবে শীতের আগমনী বার্তায় গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশুদের শীতের পোশাক কিনতে কেউ কেউ আগেভাগেই বাজারে আসছেন। শহরের আলফাত স্কয়ার নিকটবর্তী পুরোনো শীতের কাপড়ের দোকানি জুনায়েদ আহমদ বলেন, ‘এই বৃষ্টির পরই মূলত শীত শুরু হবে। মানুষ শীতের কাপড় দেখছেন, পছন্দ হলে কিনেও নিয়ে যাচ্ছেন। তবে শিশু, বৃদ্ধ ও নারীদের কাপড় বেশি বিক্রি হচ্ছে।’
চেম্বার অব কমার্সের সামনে পুরোনো শীতের কাপড়ের দোকানি শুভ আহমেদ বলেন, ‘এখন মাত্র শীতের শুরু। বেচাকেনাও শুরু হয়েছে। অনেকে আসছেন, কাপড় দেখছেন—এই আরকি।’
তবে সব দোকানে বেচাকেনার চিত্র এক নয়। নিউ টপ কালেকশনের স্বত্বাধিকারী রাসেল মিয়া বলেন, ‘শীত আসছে, কিন্তু শীতের পোশাক বিক্রি হচ্ছে না। বেচাকেনা খুবই খারাপ। এখনো শীতের পোশাক তেমন আসেনি। ক্রেতাই নেই, মাল এনে কী করব?’
.jpg)
শীতের প্রস্তুতি নিচ্ছেন ক্রেতারাও। তবে অনেক পরিবারের কাছে শীতের পোশাক কেনা প্রয়োজন হলেও তা বাড়তি ব্যয়ের বিষয়। ক্রেতা জমিল মিয়া বলেন, ‘শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাপড় কিনে রাখছি। বাচ্চাদের জন্য দুটি শীতের জ্যাকেট কিনেছি। আমার নিজের যা আছে, তা দিয়েই কোনোভাবে এ বছরও কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
এদিকে, বৃষ্টিতে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তি ও প্রত্যাশা দুই-ই। চলতি মৌসুমে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় শুষ্ক আবহাওয়ায় মাটি শুকিয়ে যাওয়ায় বোরো বীজতলা তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও জমিতে ফাটল ধরেছে। এমন পরিস্থিতিতে সামান্য বৃষ্টিতে মাটিতে কিছুটা আর্দ্রতা ফিরলেও বীজতলা তৈরির জন্য তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন কৃষকরা। তাঁদের প্রত্যাশা, আরও কিছুটা বৃষ্টি হলে জমি চাষ ও বীজতলা তৈরির কাজ সহজ হবে। কৃষক লোকমান মিয়া বলেন, ‘এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বীজতলায় তেমন কাজে আসবে না। এই বৃষ্টিতে কিছুই হবে না। আরও একটু বৃষ্টি হলে আমাদের জন্য ভালো হতো।’
মধ্যনগর ও তাহিরপুরের প্রতিনিধিদের কাছ থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তারা বলেন, বর্তমান বৃষ্টি বীজতলা তৈরির জন্য পর্যাপ্ত নয়। কৃষকদের আরও বৃষ্টির প্রয়োজন। হাওরাঞ্চলে বোরো চাষের মৌসুমে জমি প্রস্তুত ও বীজতলা তৈরির কাজ সময়মতো শুরু করা গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে প্রয়োজনীয় আর্দ্রতা না থাকলে কৃষকদের জমি প্রস্তুত করতে বাড়তি পরিশ্রম ও সেচের প্রয়োজন হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, বৃষ্টি হওয়ায় কৃষকরা কিছুটা স্বস্তি পাবেন। মাটিতে ফাটল দেখা দিয়েছিল এবং বীজতলা তৈরির উপযোগী পরিবেশ ছিল না। এখন বৃষ্টির কারণে মাটিতে কিছুটা আর্দ্রতা ফিরে এসেছে। ফলে কৃষকরা জমি চাষ করে বীজতলা তৈরি করতে পারবেন। এ ছাড়া মাটি শুকিয়ে যাওয়ায় যেসব কৃষক শাকসবজি আবাদ করতে পারছিলেন না, তাঁরাও এখন নতুন করে আবাদ করতে পারবেন।
তিনি আরও বলেন, বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়লে ভালো হতো। তবে অতিরিক্ত বৃষ্টি হলে যেসব কৃষকের পাকা ধান রয়েছে, তাঁদের ধান কাটা ও শুকানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই মাঝেমধ্যে পরিমিত বৃষ্টি কৃষির জন্য উপকারী।
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও সামনে এসেছে। শীতের শুরুতে তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের বিভিন্ন ভাইরাসজনিত অসুস্থতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস। তিনি বলেন, এ সময়ে বিশেষ করে রোটাভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা যায়। যেসব শিশুর আগে থেকেই হাঁপানির সমস্যা রয়েছে, তাদের শারীরিক জটিলতাও বেড়ে যেতে পারে।
এ অবস্থায় শিশুদের সাধারণ সর্দি—কাশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শিশুর মধ্যে নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত বুকের দুধ ও বয়স অনুযায়ী প্রয়োজনীয় খাবার দিতে হবে। পাতলা পায়খানা হলে পানিশূন্যতার লক্ষণ দেখা যাচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। পানিশূন্যতা বা অন্য কোনো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
গর্ভবতী মায়েদের সতর্ক থাকার বিষয়েও গুরুত্ব দিয়ে ডা. সৈকত দাস বলেন, এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন অনুযায়ী মাস্ক ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন