‘ফুঁ’ চিকিৎসায় ফাপরবাজি!

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২৩:১২

তাহিরপুরে ‘ফুঁ’ ও ঝাড়ফুঁকের মাধ্যমে জন্মান্ধ, বোবা ও শারীরিক প্রতিবন্ধীদের সুস্থ করার দাবি করে আলোচনায় আসা এক কথিত কবিরাজকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে হাজারো মানুষের সমাগম ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও ও বক্তব্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোচনা—সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত মানুষের অসন্তোষ ও স্থানীয়দের তোপের মুখে তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়।

 

 

 

 


জানা গেছে, মানিকগঞ্জের বাসিন্দা জয়নাল আবেদীন—যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আবেদীন ব্লগ’ বা ‘আবেদীন ব্লগার ০২’ নামে পরিচিত। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের তাহিরপুর উপজেলা পরিদর্শন কক্ষে বসে রোগী দেখেন। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে তাহিরপুর ছাড়াও সিলেট, জকিগঞ্জ ও ধর্মপাশাসহ আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ভিড় জমান। সিরিয়াল নম্বর দিয়ে রোগীদের দেখার ব্যবস্থা করা হয় এবং ভিড় সামলাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হিমশিম খেতে দেখা যায়।

 


নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে জয়নাল আবেদীন দাবি করেন, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের আমন্ত্রণেই তিনি তাহিরপুরে এসেছেন। একইসঙ্গে তিনি বলেন, ‘আমি আবারও বলছি, আমি ডাক্তারও না, কবিরাজও না। কারও ভালো লাগলে থাকবেন, ভালো না লাগলে চলে যাবেন। আমি সব সময় বলি, মানুষ মানুষের জন্য। আল্লাহ চাইলে সবকিছু হতে পারে।’ ধর্মপাশা থেকে আসা সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ওই পেজের আরেকটি ভিডিওতে চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেন।

 


তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকের মধ্যে চিকিৎসার কার্যকারিতা নিয়ে অসন্তোষ ও সন্দেহ দেখা দেয়। সিরিয়াল নম্বর ৬৯—এ থাকা এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে অভিযোগ করেন, তারা রোগী দেখাইছে না। ৬৬টা রোগীর মাঝে আমি ২০—৩০টা রোগীরে বোবা এবং ল্যাংড়া— যেগুলা বের হইছে আমি নিজে হাতাইয়া, জিগাইয়া কোনো সাড়াশব্দ পাইছি না। যা করতাছে সবটাই ভুয়া, সবটাই ভুয়া। যদি একটা বোবাও কথা বলতো, তাহলে আজকে এই এলাকায় ভাইরাল হইয়া যাইতো।


ফেসবুকে আল আমিন নামের একজন লেখেন, এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। চোখের সামনে একজন অসুস্থ মানুষকে সুস্থ করার ঘটনা দেখি নি। কবিরাজের কিছু কথিত লোক দিয়ে চোখের মধ্যে ভেলকি ছাড়া আর কিছুই নয়।

 


অন্যদিকে, সমাজসেবক আবুল হোসেন জানান, তিনি মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত চিকিৎসার পর বাড়িতে ছিলেন। তাঁর ভাষ্যমতে, তাঁরা ভাই—বোন গত ৩০ বছর ধরে কথা বলতে পারেন না। আমার চোখের সামনেই কবিরাজ তাঁদের গলার স্বরযন্ত্রের কাছে ধরে তাৎক্ষণিক অস্পষ্ট কথা বলিয়েছেন। বিনিময়ে কারও কাছ থেকে টাকা নিতে দেখিনি। তবে পরবর্তী সময়ে তাঁরা কথা বলতে পারছেন কি না, তা জানতে পারিনি। এদিকে আবেদীন তাঁর ফেসবুক পেজে দাবি করেন, জন্ম থেকে কথা বলতে না পারা ভাই—বোনকে তিনি মুখে কথা বলিয়েছেন।

 

 

 

 

 

 


তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী মেহেদী হাসান উজ্জ্বল জানান, মানিকগঞ্জের এক সংসদ সদস্যের অনুরোধে তাদের সংসদ সদস্য বিষয়টি না করতে পারেন নি, যদিও তিনি এসব বিশ্বাস করেন না। 

 


মেহেদী হাসান উজ্জ্বল বলেন, ‘আমরা তার চিকিৎসা দেখে সন্তোষ্ট হতে পারি নি। পরে তার সহকারীকে বললাম, যেনো তাকে বলে, পাঁচ মিনিটের ভেতরে স্থান ত্যাগ করতে। না হয় ঝামেলা হবে। মানুষ ক্ষ্যাপে গেছে। দূর—দূরান্ত থেকে মানুষের এমন ভিড় দেখে তিনি বিস্ময়ও আক্ষেপ প্রকাশ করেন।

 


সংসদ সদস্যের সরকারি পরিদর্শন কক্ষে এ ধরনের কার্যক্রম পরিচালনার বিষয়টি এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যঙ্গ—বিদ্রুপ ও আলোচনা। স্কুলশিক্ষক মোর্শেদ আলম ফেসবুকে কৌতুকের সুরে লেখেন, ‘তাহিরপুরে কবিরাজের চিকিৎসায় কে কে ভালো হয়েছেন? কমেন্ট করে জানিয়ে দিন।’

 


তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে কবিরাজের উপস্থিতি ও কিছু রোগীর হাঁটাচলা বা স্বস্তি বোধ করার প্রসঙ্গ তুলে ধরতে দেখা যায়। তবে পরে এ বিষয়ে জানতে চাইলে ওসি ফারুক আহমেদ বলেন, ‘এইটা হুট করে ধইরা বসছে। এগুলো কিচ্ছু না। আমি এসব বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমি বলছি, সব আল্লাহর ইচ্ছে। সে আমাকে দিয়া কথা বলাতে চেয়েছে। আমি আল্লাহ ছাড়া আর কাউকে এসব বিষয়ে বিশ্বাস করি না।’

 


তাহিরপুর সদর হাসপাতালের ইনচার্জ ডা. নাসাদ আহমদ বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে এসবের কোনো ভিত্তি নেই।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হন নি।
সুনামগঞ্জ —১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমি ওই দিন ঢাকায় ছিলাম। লোকটি আমার কথা বলে সেখানে গিয়েছেন দেখে তাকে আমার কক্ষে বসতে দেওয়া হয়। কিন্তু সেখানেই তার কবিরাজি শুরু করায় শেষে আমার নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি মোটেও ঠিক হয় নি।’ 

 


এ রকম অপচিকিৎসা সমর্থন করেন কি না, এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, ‘আধুনিক যুগে এসব বিশ্বাস কেন করতে হবে। আমি চাই আমার কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বসে বিনামূল্যে চিকিৎসা দেবেন। এই ঘটনা থেকে আমি সেই ব্যবস্থা কার্যকর করব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার