সরকারী প্রকল্পের নারীদের দিয়ে ঠিকাদারের কাজ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২২:৫৭

মাস শেষে পারিশ্রমিক পান ৯ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৪ হাজার টাকাই চলে যায় যাতায়াতে। বাকি ৫ হাজার টাকায় চলে সংসার। এই সামান্য টাকায় সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া, পরিবারের খরচ মেটানোই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। একটু সচ্ছলতার আশায় সরকারের কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন দরিদ্র এসব নারী। কিন্তু এখন নিজের ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে গিয়ে করতে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক উন্নয়ন কাজ। জামালগঞ্জে দরিদ্র নারীদের কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারের এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) কর্মসূচিতে নিয়োজিত নারীদের এভাবে ঠিকাদারের কাজে লাগানো হচ্ছে। 

 


উপজেলা প্রকৌশলী অবশ্য বলেছেন, নির্ধারিত মূল্যের চেয়ে মাটির মূল্য বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ ফেলে  রেখেছে। অন্যদিকে, এলসিএসের নারীরাও বসে বসে মাসে মাসে টাকা গিলছে। এজন্য ওদেরকে ওখানে কাজে লাগানো হয়েছে।

 


এলসিএসের নারীরা বললেন, আমরা কাজ করেই টাকা নিচ্ছি। কাজ না থাকলে ব্যক্তিগত বাসাবাড়ির কাজেও পাঠানোর অভিযোগ করেছেন কেউ কেউ। এক নারী বললেন, ‘প্রতিবাদ করার সাহস নেই। কারণ, কাজ হারালে বন্ধ হয়ে যাবে সংসারের একমাত্র আয়ের পথ।’ 

 


জামালগঞ্জে দরিদ্র নারীদের কর্মসংস্থান ও গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারের এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) কর্মসূচির শ্রমিকদের দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করানোর এমন চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। প্রায় ২ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে জামালগঞ্জ থেকে মান্নানঘাট পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজে ব্যবহার করা হচ্ছে এসব নারী শ্রমিককে। কাজটি পেয়েছে সারোয়ার জাহান প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। 

 


প্রকল্পের আওতায় সড়কের পাশের স্লোপে মাটি ভরাটের জন্যই বরাদ্দ রয়েছে প্রায় ১৩ লাখ টাকা। অথচ সেই মাটি ভরাটের কাজ করছেন সরকারি কর্মসূচির আওতায় নিয়োজিত দরিদ্র নারীরা। প্রশ্ন উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ সরকারের অন্য কর্মসূচির শ্রমিক দিয়ে করানো হলে প্রকল্পের বরাদ্দকৃত অর্থের হিসাব কিভাবে হচ্ছে? ঠিকাদারের কাজ করতে গিয়ে আবার দরিদ্র নারীদের যাতায়াত ভাড়াও গুনতে হচ্ছে।

 


সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ৩৫ থেকে ৪০ বছর বয়সী প্রায় ৪০—৫০ জন নারী শ্রমিক মাটি কাটছেন। সড়কের ঢাল থেকে মাটি তুলে সড়কের স্লোপে ফেলছেন তারা। কোথাও কোথাও সড়কের ঢালের মাত্র ৫ ফুটের মধ্যে গর্ত করে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে সড়কের পাশের মাটির স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। কাজের স্থানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার (সিও) ঝনিক চন্দ্র দাস এবং এলসিএসের সুপারভাইজার মো. কামাল হোসেন। তাদের উপস্থিতিতেই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল।

 


অনুসন্ধানে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে নয়জন করে মোট ৫৪ জন নারী এলসিএস কর্মসূচির আওতায় নিয়োজিত রয়েছেন। তাদের দায়িত্ব গ্রামীণ সড়কের ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ। অথচ নিজ নিজ ইউনিয়নে কাজের সুযোগ থাকা সত্ত্বেও তাদের অন্য ইউনিয়নে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্পে কাজ করানো হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াতেই খরচ হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। মাসিক ৯ হাজার টাকা পারিশ্রমিকের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে কর্মস্থলে পৌঁছাতে। সরকারি কর্মসূচিতে নিয়োজিত হয়েও কেন তাদের নিজ ইউনিয়নের পরিবর্তে অন্য ইউনিয়নে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করানো হচ্ছে, সে প্রশ্নের সন্তোষজনক জবাব ও মিলছে না।

 


নাম গোঁপন রাখার শর্ত দিয়ে এক নারী শ্রমিক বলেন, ‘আমাদের নিজ ইউনিয়নেই কাজের অভাব নেই। অথচ অন্য ইউনিয়নে নিয়ে আসা হয়েছে ঠিকাদারের কাজ করাতে। প্রতিদিন যাতায়াতে অনেক টাকা খরচ হয়। কোনো সপ্তাহে কাজ না থাকলে তাদের বাসাবাড়ির কাজও করতে হয়। চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারি না। আমাদের নাম প্রকাশ করবেন না।’

 


জামালগঞ্জের গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় সাধারণ মানুষ চলাচলের দুর্ভোগে রয়েছেন, অথচ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত শ্রমিকদেরই অন্য প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। 

 


জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন বললেন, সড়কের বেহাল দশার জন্য রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা—বাণিজ্যে প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন স্থানীয়রা। যে কর্মসূচির মাধ্যমে এসব সড়ক সচল রাখার কথা, সেই কর্মসূচির শ্রমিকদেরই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত রাখা হচ্ছে। এ কারণে সরকারি উদ্যোগের সুফল পাচ্ছেন না দুর্গম জনপদের বাসিন্দারা। অন্যদিকে দরিদ্র নারীদের শ্রমের বিনিময়ে সুবিধা নিচ্ছে ঠিকাদাররা।

 


এলসিএসের সুপারভাইজার মো. কামাল হোসেন বললেন, আমাদের কাজ হলো ভাঙা রাস্তা মেরামত করা। কোনো রাস্তা জরুরি ভিত্তিতে চলাচলের অনুপযোগী হলে আংশিক মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করা। তবে উপজেলা ইঞ্জিনিয়ার স্যার আমাদের এখানে পাঠিয়েছেন।

 


উপজেলা এলজিইডি’র কমিউনিটি অর্গানাইজার (সিও) ঝনিক চন্দ্র দাস বলেন, আমি জানি, চলমান প্রজেক্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে এলসিএসের লোক দিয়ে করানো ঠিক নয়। তবে উপজেলা ইঞ্জিনিয়ারের নির্দেশে আমাকে কাজ করাতে হচ্ছে। সড়কের স্লোপের পাঁচ ফুটের মধ্যে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, এত দিন সারা সড়কে এভাবে করানো হয়েছে, তবে এখন থেকে আর করাব না।

 


জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এলসিএসের লোকজন বসে বসে সরকারের টাকা নিচ্ছে। ১১ মাস বসে থাকে এরা, এজন্য তাদের কাজে লাগানো হয়েছে। এই কাজে ঠিকাদারের লোকসান হবে। এজন্য কাজ আদায় করতে ওই নারীদের ওখানে নেওয়া হয়েছে। ইস্টিমেট আগে ধরা হয়েছে, আর এখন সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। ঠিকাদার কাজ করতে চায় না। 

 


আগে কেন কাজ করাতে পারলেন না? এমন প্রশ্নের জবাবে ওই প্রকৌশলী বললেন, অনেক কাজইতো ফেলে রেখেছেন ঠিকাদাররা। উপজেলা পরিষদ ভবনেরই কাজ করছে না। জনগণের চলাচল সড়ক সচল করার জন্য এসব নারীদের কাজে লাগানো হয়েছে। ঠিকাদারের কাজ করতে গিয়ে, যাতায়াত ভাড়াও ওই নারীদের কেন দিতে হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন— এরাতো বসে বসেই বেতন নেয়। ঠিকাদারকে নাস্তা দিতে বলেছি। আর দুয়েকদিন করিয়ে, এদের এখান থেকে সরিয়ে আনা হবে।
ব্যক্তিগত বাসাবাড়ির কাজে এলসিএসের নারী শ্রমিকদের ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আগের ইঞ্জিনিয়ার ও অফিসের স্টাফরা এমন করতেন, যখন যাকে ইচ্ছ বাসায় ডেকে আনতেন, কাজ করাতেন। এখন এসব হয় না। সড়কের স্লোপের কাছাকাছি গর্ত করে মাটি কাটার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার