অ‘পরা‘ধ নি‘য়ন্ত্রণে বাসস্ট্যান্ডে নি‘রাপত্তা জোরদার করুন

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৩২

সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন এলাকায় পুলিশ সোর্স পরিচয়ে সক্রিয় একটি ছিনতাই ও প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মাদক দিয়ে ফাঁসানো, ভাঙা মোবাইলের নাটক সাজানো এবং বিচার—সালিশের নামে টাকা আদায়ের মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেন জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি কানিজ সুলতানা। সঞ্চালনা করেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: পুরাতন বাসস্টেশন এলাকার অপরাধ পরিস্থিতিকে কীভাবে দেখছেন?
কানিজ সুলতানা: বিষয়টি অবশ্যই উদ্বেগজনক। সুনামগঞ্জ শান্তির শহর। মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। বাসস্টেশন এমনিতেই জনসমাগমপূর্ণ এলাকা। সেখানে এ ধরনের ঘটনা মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। এসব অপরাধ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে পুলিশ প্রশাসন ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: পুলিশ সোর্স পরিচয়ে অপরাধের অভিযোগ কতটা উদ্বেগজনক?
কানিজ সুলতানা: পুলিশকে মানুষ নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে। কেউ পুলিশের লোক পরিচয় দিয়ে অপরাধ করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি অবিশ্বাস তৈরি হতে পারে। এ ক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। অপরিচিত কেউ পুলিশ পরিচয় দিলেই তার কথায় বিশ্বাস করা যাবে না। কোনো অপরাধ না করলে অযথা ভয় পাওয়ারও কারণ নেই। বাস থেকে নামার আগে যাত্রীদের সতর্কতামূলক ঘোষণা দেওয়া যেতে পারে। বিশেষ করে সকালে ও রাতে যাত্রীদের সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: আগে কি এ ধরনের অপরাধের ঘটনা আপনার নজরে এসেছে?
কানিজ সুলতানা: আগে বাস থেকে নামার পর এভাবে প্রতারণা বা ছিনতাইয়ের ঘটনা তেমন শুনিনি। মলম পার্টি কিংবা ধাক্কা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা আগে অন্য জায়গায় পড়তাম। এখন সুনামগঞ্জেও এসব ঘটনার কথা শোনা যাচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে বিভিন্ন এলাকায় যাতায়াত সহজ হয়েছে। অপরাধীরা এক জায়গায় ঘটনা ঘটিয়ে অন্যদিকে চলে যাওয়ার সুযোগও পাচ্ছে বলে মনে হয়।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা ও জবাবদিহি কতটা জরুরি?
কানিজ সুলতানা: পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের নাম ব্যবহার করেই যখন অপরাধের অভিযোগ ওঠে, তখন পুলিশেরই এগিয়ে আসা উচিত। এতে পুলিশের ভাবমূর্তি রক্ষা পাবে এবং মানুষ প্রকৃত পুলিশকে বিশ্বাস করতে পারবে। বাসস্টেশনে বিশেষ করে রাতে ও সকালে পুলিশি উপস্থিতি থাকা জরুরি। অনেক সময় দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা বাস দেরিতে পৌঁছানোর কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তখন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কোনো দুর্ঘটনা বা অপরাধের ঘটনা ঘটলে অনেকেই ভুক্তভোগীকে সহযোগিতা না করে মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। এ প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: অভিযোগ ওঠার পরও অভিযুক্তরা ছাড়া পেয়ে গেলে অপরাধীরা উৎসাহিত হবে কি?
কানিজ সুলতানা: অবশ্যই উৎসাহিত হবে। কেউ অপরাধ করার পর দ্রুত ছাড়া পেয়ে গেলে তারমধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, তাকে কেউ আটকাতে পারবে না। তাই অপরাধের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অভিযুক্তদের ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রভাবশালীদের ভূমিকা থাকলে সেটিও নজরদারিতে আনা প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সাধারণ মানুষের নিরাপত্তায় প্রশাসন ও নাগরিক সমাজের করণীয় কী?
কানিজ সুলতানা: প্রথমত, মানুষকে সচেতন করতে হবে। এ ধরনের অপরাধের ঘটনা গণমাধ্যমে প্রচার করতে হবে, যাতে সবাই সতর্ক হতে পারেন। দ্বিতীয়ত, বাসস্টেশনে সকাল ও রাতে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে।
সুনামগঞ্জে পর্যটকেরাও আসেন। তাঁরা অপরাধের শিকার হলে শহর সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে ফিরবেন। তাই পর্যটকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বাস থেকে নামার সময় যাত্রীদের সতর্ক থাকার ঘোষণা দেওয়া হলে তাঁরা প্রতারণার ফাঁদে পড়া থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার