প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬
ক্লাবের অর্থসংকট, প্রশিক্ষণের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় খেলোয়াড় তৈরি বাধাগ্রস্ত; ক্রীড়াঙ্গন সচল করতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগ
একসময় সুনামগঞ্জের ফুটবল ছিল জমজমাট। এ জেলার অনেক ফুটবলার ঢাকা লিগের বিভিন্ন পর্যায়ে খেলেছেন। তবে সময়ের সঙ্গে মাঠের সংকট, ক্লাবগুলোর অর্থাভাব, নিয়মিত লিগ আয়োজন না হওয়া এবং প্রশিক্ষণের অভাবে স্থবির হয়ে পড়েছে জেলার ক্রীড়াঙ্গন। নতুন খেলোয়াড় তৈরির সুযোগও কমছে। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত প্রতিযোগিতা, প্রশিক্ষণ, মাঠের ব্যবস্থা ও সরকারি—বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক চৌধুরী আহমেদ মুজতবা রাজী। সঞ্চালনায় সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।
দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ও বর্তমান অবস্থাকে কীভাবে মূল্যায়ন করবেন?
চৌধুরী আহমেদ মুজতবা রাজী: সীমিত সামর্থ্যের মধ্যেও সুনামগঞ্জে অনেক ভালো খেলোয়াড় তৈরি হয়েছেন। একসময় জেলার অনেক ফুটবলার ঢাকা লিগের প্রথম বিভাগসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন। কিন্তু বর্তমানে ক্রীড়াঙ্গনে ধারাবাহিকতা নেই। স্থানীয় ক্রিকেট লিগও নিয়মিত হয় না। তিন—চার বছর পরপর লিগ আয়োজনের কথা শোনা যায়। নিয়মিত খেলা না হলে নতুন খেলোয়াড় উঠে আসবে কীভাবে? শুধু অতীতের ঐতিহ্য নিয়ে পড়ে থাকলে চলবে না, ভবিষ্যৎ গড়তে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: মাঠের সংকট খেলাধুলার বিকাশে কতটা বাধা হয়ে দাঁড়িয়েছে?
রাজী: মাঠের বিকল্প মাঠই। শহরে জেলা স্টেডিয়াম, ষোলঘর, জুবিলী ও কলেজ মাঠ রয়েছে। কিন্তু সব মাঠ সবার ব্যবহারের উপযোগী নয়। কলেজ মাঠ নিচু হওয়ায় প্রায়ই পানিতে ডুবে থাকে। ষোলঘর মাঠে সীমানাপ্রাচীর ও গেট থাকায় শিশু—কিশোরদের খেলার সুযোগ সীমিত। নতুন খেলোয়াড় তৈরিতে ছোট ছোট খেলার মাঠ খুবই প্রয়োজন।
দৈনিক সুনামগঞ্জের খবর: ক্লাবগুলোর অর্থসংকট দূর করতে স্থায়ী অর্থায়নের ব্যবস্থা কী হতে পারে?
রাজী: শুধু অনুদান দিয়ে ক্লাব পরিচালনা সম্ভব নয়। ক্লাবগুলোর নিজস্ব আয়ের উৎস তৈরি করতে হবে। স্টেডিয়ামে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে সেই আয় ক্রীড়া সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। পরে প্রয়োজন অনুযায়ী ক্লাবগুলোকে সহায়তা দেওয়া যেতে পারে।
দৈনিক সুনামগঞ্জের খবর: দক্ষ খেলোয়াড় তৈরিতে প্রশিক্ষণ ও অনুশীলনের কী ব্যবস্থা প্রয়োজন?
রাজী: সুনামগঞ্জে ক্রিকেট ও ফুটবল একাডেমি রয়েছে। তবে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা নেই। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোচদের সাত থেকে ১৫ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে আনা যেতে পারে। পাশাপাশি স্কুল—কলেজ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা চালু করতে হবে। আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার চর্চা ছিল। সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: নারী খেলোয়াড় ও অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে কী উদ্যোগ প্রয়োজন?
রাজী: নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ, ক্রীড়া সরঞ্জাম ও যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মেয়েদের স্কুলগুলোতে খেলাধুলার উদ্যোগ নেওয়া হলে অংশগ্রহণ বাড়বে। অন্যদিকে হ্যান্ডবল, ভলিবল ও সাঁতারের মতো খেলাও হারিয়ে যাচ্ছে। এসব খেলায় নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সংশ্লিষ্টদের করণীয় কী?
রাজী: সবার আগে প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব। জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া সূচি থাকলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ক্লাবগুলোর অর্থসংকট থাকলেও সীমিত সামর্থ্যে লিগ আয়োজন করতে হবে।
খেলাধুলায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। পাঁচ হাজার টাকা দিয়েও স্পন্সর করা সম্ভব। সমাজের বিভিন্ন কাজে মানুষ যেভাবে অনুদান দেন, খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে আসতে হবে। অভিভাবকদের সন্তানদের মাঠে নিয়ে আসার আগ্রহ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে আবার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব।
উপজেলার খবর থেকে আরো পড়ুন