প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭
রনজিতের রাতারগুলকাণ্ড/ ধর্মঘটের হুঁশিয়ারি
সিলেটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভায় বাস নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার পরিবহন শ্রমিক নেতা সুজন মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ওই দিন সকাল থেকে সুনামগঞ্জ—সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ নতুন বাস টার্মিনালের সামনে জেলা বাস—মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন হয়। জেলা বাস—মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও শ্রমিক নেতা ফারুক আহমদ মানববন্ধনে বক্তব্য দেন। গ্রেপ্তার সুজন মিয়া জেলা বাস—মিনিবাস শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য।
বক্তারা বলেন, সম্প্রতি গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি রিসোর্টে রনজিত সরকারের একটি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভাটি আওয়ামী লীগ নেতার আয়োজনে হচ্ছে, সে বিষয়ে বাস শ্রমিকরা কিছুই জানতেন না। আনন্দভ্রমণের কথা বলে কয়েকজন ব্যক্তি একটি বাস ভাড়া (রিজার্ভ) করেছিলেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সুজন মিয়া বাসটি নিয়ে যাত্রীদের রাতারগুলে পৌঁছে দেন।
শ্রমিক নেতাদের দাবি, সভার বিষয়ে কোনো ধারণা না থাকা সত্ত্বেও সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করা না হলে ২০ ডিসেম্বর সকাল থেকে সুনামগঞ্জ—সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, গেল আট নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ—১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে রাতারগুল ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট’ এ সভা করেন। সভায় তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। পরে আবার দেশ ছেড়ে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে চলে যান বলে প্রচার হয়। নিজের ফেসবুক আইডিতে রনজিত পরদিন এই ভিডিও আপলোড করলে আইন—শৃঙ্খলা বাহিনীসহ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তোলপাড় হয়। জাতীয় সংসদসহ জাতীয়ভাবেও বিষয়টি আলোচনায় আসে। এই ঘটনার পরদিন রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন