প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২২:১৫
ত্রুটিপূর্ণ কাজকে ত্রুটিমুক্ত দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা বিল দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এই বিল দেওয়া হয়। পরে অসম্পূর্ণ সেতুর সাতটি গার্ডার একে একে ভেঙে নদীতে পড়ে যায়। অথচ ত্রুটিমুক্ত কাজের প্রত্যয়ন থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান এখন জামানতের টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ দিয়েছে। এতে সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর সেতু নির্মাণে এমন অনিয়মের অভিযোগ উঠেছে।
.jpg)
এই ঘটনায় সুনামগঞ্জবাসীর বহুদিনের স্বপ্নও থমকে গেছে। বিশ্বম্ভরপুর—মহেষখলা—মধ্যনগর সংযোগ সড়কের (সীমান্ত সড়ক) কাজ শেষ হতে আরও দুই বছর সময় লাগবে। এই সড়কের যাদুকাটা নদীর ওপর ৮৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন শাহ আরেফিন (রা.)—অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর সাতটি গার্ডার ভেঙে পড়েছিল।
এলজিইডির একজন প্রকৌশলী জানান, পল্লী সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮ সালের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান রাজধানীর তমা কনস্ট্রাকশন একাধিক দফায় সময় বাড়িয়েও আট বছরে কাজ শেষ করতে পারেনি। সেতুর ৭৫টি গার্ডারের মধ্যে এখনো ২২টি এবং ১৫টি স্লাবের মধ্যে চারটির কাজ বাকি রয়েছে। এর মধ্যেই দুই দফায় সাতটি গার্ডার ভেঙে পড়ে।
.jpg)
ওই প্রকৌশলী বলেন, সর্বশেষ ভেঙে পড়া সাতটি গার্ডারের গুরুত্বপূর্ণ অংশ ক্রসগার্ডার করার আগেই প্রায় আড়াই কোটি টাকা বিল দেওয়া হয়। এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী গার্ডারের কাজ সম্পন্ন ও ত্রুটিমুক্ত বলে প্রত্যয়ন দেন। এতে ঠিকাদারের বিল পেতে সুবিধা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তমা কনস্ট্রাকশন সেতুটির বিপরীতে ৬৩ কোটি ৮১ লাখ টাকা বিল উত্তোলন করেছে।
ভেঙে পড়া গার্ডারগুলো সরাতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। অর্থাৎ গার্ডার নির্মাণ ও অপসারণ মিলিয়ে সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা কাশমির রেজা মনে করেন, এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীরা আর্থিক সুবিধা নিয়ে অসমাপ্ত কাজকে সমাপ্ত দেখিয়ে বিল দিয়েছেন। গত সপ্তাহে ঠিকাদারের পক্ষ থেকে জামানত ফেরত চেয়ে আইনি নোটিশ দেওয়ার পর বিষয়টি সামনে এসেছে। তাঁর দাবি, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। তাঁদের কারণে সীমান্ত এলাকার কয়েক লাখ মানুষের স্বপ্ন ভেঙে গেছে, সেতুর কাজও কয়েক বছর পিছিয়েছে।
.jpg)
স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন বলেন, সেতুর কাজের শুরু থেকেই দুর্নীতি চলছিল। গার্ডার ভেঙে পড়ার পর ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শুনিনি। এখন শুনছি, কাজ ভালো হয়েছে প্রত্যয়ন দিয়ে বিল দেওয়া হয়েছে। ঠিকাদার ও বিল প্রদানের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জানা গেছে, তমা কনস্ট্রাকশনের মালিক আতাউর রহমান মানিক নোয়াখালীর বাসিন্দা। বিগত সরকারের সময়ে মন্ত্রী মির্জা আজমের ঘনিষ্ঠ হিসেবে এলজিইডি সদর দপ্তরে পরিচিত ছিলেন তিনি। এই সেতুসহ একই সড়কের মধ্যনগরের সোমেশ্বরী সেতু ও তাহিরপুরের ডাম্পের বাজার সেতুর কাজও পেয়েছিল প্রতিষ্ঠানটি। আট বছরেও এসব সেতুর কাজ শেষ হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুগুলোর নির্মাণকাজেও অনিয়ম হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দেশ ছেড়ে কানাডায় চলে গেছেন। এলজিইডি শুধু ঠিকাদারকে বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করেছে। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ঠিকাদারের নিযুক্ত আইনজীবী উত্তোলিত বিলের বিপরীতে জমা রাখা জামানতের টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ দিয়েছেন।
তাহিরপুর এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ঠিকাদার কাজ ঠিকঠাকভাবেই করেছিলেন। যতটুকু কাজ করেছেন, ততটুকুর বিল দেওয়া হয়েছে।
ক্রসগার্ডার না করায় গার্ডার ভেঙে পড়েছে এবং এতে সরকারের চার কোটি টাকা ক্ষতি ও সেতুর কাজ দুই বছর পিছিয়েছে—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ঠিকাদারের জামানত থেকে এই টাকা কর্তন করা হবে।
কাজ সঠিক হয়েছে বলে আপনারা প্রত্যয়ন দিয়েছেন, অথচ ঠিকাদার জামানতের টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ দিয়েছেন—এখন টাকা কীভাবে কর্তন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞেস করতে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, পুরোনো ঠিকাদারকে বাতিল করে সেতুর অসম্পূর্ণ কাজ শেষ করতে গত ২৫ অক্টোবর দরপত্র গ্রহণ করা হয়েছে। গত ৯ নভেম্বর বাসেত প্রকৌশলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে।
আগের ঠিকাদারকে ক্রসগার্ডার করার আগেই গার্ডারের বিল দেওয়া হলো কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রসগার্ডার করা হলে গার্ডারগুলো ভেঙে পড়ত না, এটি ঠিক। এলজিইডি সদর দপ্তরের তদন্তেও ঠিকাদারের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
কাজ সঠিক হয়েছে উল্লেখ করে বিল দেওয়ার বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এলজিইডিও আদালতে লড়বে। ঠিকাদারের অন্য কাজের বিল পাওনা রয়েছে। সেখান থেকে ক্ষতিপূরণের টাকা সমন্বয় করা হবে।
নতুন দরপত্র আহ্বানের আগেই বিষয়টির সমাধান করা হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি এখান থেকে বদলি হয়েছেন। গত ১২ তারিখ দায়িত্ব হস্তান্তর করেছেন। তবে এখনো তিনি সুনামগঞ্জে রয়েছেন। পেছনের তারিখে হলেও বিল সমন্বয়ের চেষ্টা করবেন বলে জানান।
এদিকে, এক সপ্তাহ আগে সুনামগঞ্জ এলজিইডিতে নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন রবিউল ইসলাম। তিনি বলেন, আমি নতুন এসেছি। এখনো কাজই শুরু করতে পারিনি। বিষয়টি ভালোভাবে খেঁাজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলার খবর থেকে আরো পড়ুন