নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১২:০৬

সংগৃহীত ছবি

ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তো। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন তিনি। মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন। 

 

 

এই জয়ের মাধ্যমে দেশ হিসেবে পুয়ের্তো রিকোর ঝুলিতে জমা হলো ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা, আর জেনিফার হলেন প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা, যিনি বিশ্বসেরা সুন্দরীর খেতাব পেলেন। 

 

 

সুন্দরী প্রতিযোগিতায় নতুন পথচলা 

 

জেনিফার আগে কখনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি। বলা যায় চলতি বছরেই জীবনে প্রথমবার রানওয়েতে হাঁটেন তিনি। 

 

‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার জানান, এ বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার রানওয়েতে হেঁটেছিলেন—জাতীয় মুকুট জেতার মাত্র চার মাস আগে। সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতেন তিনি। 

 


কিন্তু হঠাৎ এই প্রতিযোগিতায় কেন আসা? পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে তিনি জানান, নতুন একটি অভিজ্ঞতা নিতেই মূলত অংশ নিয়েছিলেন। 

নিজের সম্পর্কে তার ভাষায়, তিনি এমন একজন মানুষ যিনি নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন এবং তা থেকে একটি উত্তরাধিকার তৈরি করতে চান। জাতীয় পর্যায়ে জয়ের পর ‘এল ভোসেরো’-কে তিনি বলেন, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো শুরু করার সময় যে নারী ছিলাম, এখন আর আমি সেই নারী নই।’ 

 

 

এ বছর প্রতিযোগিতার আয়োজক দেশ হওয়ায় জাতীয় বিজয়ী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও ছিল তার কাঁধে। সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের কাছে ‘লা বারেত্তো’ নামে পরিচিতি পেয়েছেন। 

 

 

পরিবার, ক্যারিয়ার ও সমাজসেবা 

 

জেনিফার বিবাহিত এবং তার সাত বছর বয়সি কন্যা সন্তান রয়েছে, যার নাম পেনেলোপে। জাতীয় শিরোপা জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে তার পাশেই ছিলেন। 

 

 

২০২৪ সালে জেনিফার কোলনের পর তিনি মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতা দ্বিতীয় মা।

 

তার মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য সচেতনতা। বিশেষ করে নারী ও পরিবারের মানসিক সুস্থতা নিয়ে কথা বলতে এবং মাতৃত্ব যে ব্যক্তিগত বা পেশাগত লক্ষ্যের পথে বাধা নয়—তা প্রমাণ করতে চান তিনি। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন। 

 

 

শিকড় ও প্রস্তুতি 

 

ইসাবেলায় বেড়ে ওঠার সময় থেকেই সেবার মানসিকতা গড়ে ওঠে এই বিশ্ব সুন্দরীর। স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে ভলিবলের প্রতি তার আগ্রহের কথা এবং তাকে বড় করে তোলায় নানা-দাদার ভূমিকার কথা। মায়ের সঙ্গে বসে মিস ইউনিভার্স দেখে বড় হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

জাতীয় প্রতিযোগিতায় নামার আগে প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন জেনিফার। তার জাতীয় পোশাকটি ছিল ‘মোরিভিভি’ উদ্ভিদের অনুপ্রেরণায় তৈরি।

 

ফাইনালের আলোয় 

 

প্রশ্নোত্তর পর্বে জেনিফারের কাছে জানতে চাওয়া হয়, দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বাড়তে থাকলে কোন মানবিক মূল্যবোধটি সংরক্ষণ করা উচিত। 

 

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন ডোমিনিকান প্রজাতন্ত্রের মেলিসা নুনেজ। এরপর যথাক্রমে ছিলেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডর্স্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।

 

 

জেনিফারের এই জয়ে পুয়ের্তো রিকোর আগের বিশ্বজয়ীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম—মারিসল মালারেট (১৯৭০), ডেবোরাহ কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইন্যান্স (২০০১) এবং জুলিয়েকা রিভেরা (২০০৬)। 

সূত্র:  যুগান্তর .কম
 এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার