প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:০৫
সুনামগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় দৈনিক সুনামকণ্ঠের গ্রাফিক্স ডিজাইনার মিল্লাত আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পাশাপাশি তার জ্যাকেটের পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
.png)
মিল্লাত আহমেদ
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (২৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রাফিক্স ডিজাইনার মিল্লাত আহমেদ।
অভিযুক্তরা হলেন— তেঘরিয়া মড়লহাটির নূর ইসলামের ছেলে কালাম মিয়া (৩০), লম্বা হাটির হারিছ মিয়ার ছেলে মুবিন (৩০) এবং পশ্চিম তেঘরিয়ার আব্দুর রহমানের ছেলে আবু সিদ্দিক (২৫)।
লিখিত অভিযোগে মিল্লাত আহমেদ উল্লেখ করেন, অভিযুক্তরা প্রায়ই রাস্তাঘাটে তার পথরোধ করে মাদক সেবনের জন্য টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলাসহ মারধরের হুমকি দিতেন।
অভিযোগে তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম তেঘরিয়া এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে মাদক সেবনের জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তার পরিহিত জ্যাকেটের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। পরে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
.png)
সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন