অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৬

সংগৃহীত ছবি 

নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন। একই সঙ্গে বোকা জুনিয়র্সে ফেরার গুঞ্জনও আপাতত উড়িয়ে দিয়েছেন তিনি।

 


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন দিবালা। তিনি জানান, রোমায় থাকতে তার ভীষণ ভালো লাগে এবং নিজেকে অন্য কোনো ক্লাবে কল্পনা করাও কঠিন।

 


দিবালা বলেন, আমি রোমাতেই ক্যারিয়ার শেষ করার আশা করি। এখানে অবসর নিতে পারলে দারুণ হবে। এমন খুব বেশি ক্লাব দেখি না, যেখানে আমি যেতে পারি। রোমায় থাকতে আমার ভীষণ ভালো লাগে। ১৮ বছর বয়সে ইতালিতে এসেছিলাম। নিজেকে অন্য কোথাও কল্পনা করতে পারি না।

 

 

তবে রোমায় অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না এই আর্জেন্টাইন তারকা। তার মতে, আধুনিক ফুটবলে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। বর্তমানে নিজের চুক্তির বাকি সময় এবং দলের পারফরম্যান্স উপভোগ করাই তার প্রধান লক্ষ্য।

 

 

এ প্রসঙ্গে দিবালা বলেন, বিশেষ করে বর্তমান সময়ের ফুটবলে অনেক কিছুই বদলে যেতে পারে। আপাতত আমি কেবল মুহূর্তটা উপভোগ করছি। আমার চুক্তির আরও এক বছর বাকি আছে। দল যা অর্জন করছে, তা উপভোগ করছি। পরে কী হয়, দেখা যাবে।

 


এদিকে কাফের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন দিবালা। পার্মার বিপক্ষে রোমার ৫-১ গোলের বড় জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। এর মধ্যে ফিওরেন্তিনার বিপক্ষে এক ম্যাচেই এসেছে তিনটি অ্যাসিস্ট।

 


নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট দিবালা। চোটের সময় কঠোর পরিশ্রম করেছেন জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে আরও ভালো ছন্দে ফিরছেন। তবে রোমাকে এখনই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখতে রাজি নন তিনি।

 


দিবালার ভাষায়, আমরা শিরোপাজয়ী দল কি না, তা বলার সময় এখনো আসেনি। তবে আমরা জানি, আমরা শক্তিশালী এবং আমাদের একটি সুস্থ ও দারুণ দল রয়েছে। আমরা ভালো করছি। এই ধারা ধরে রাখতে হবে, কারণ সামনে কঠিন ম্যাচ অপেক্ষা করছে।

 


সব মিলিয়ে রোমার প্রতি নিজের ভালোবাসা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে সমর্থকদের আশাবাদী করেছেন দিবালা। যদিও এখনই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি, তবে রোমার জার্সিতেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার স্বপ্ন যে তার মনে জায়গা করে নিয়েছে, তা স্পষ্ট।
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার