প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:১২
সংগৃহীত ছবি
গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বছর পর টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ওই ম্যাচ ৯ উইকেটে জিতলেও এরপর থেকে সব সংস্করণ মিলিয়ে টানা ১০ আন্তর্জাতিক ম্যাচে জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে ৮ ম্যাচে হার ও ২টি টেস্ট ড্র করেছে তারা।
বুধবার (২৬ নভেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ কোনো লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি। শান্ত-মুমিনুলরা প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর এইডেন মার্করামের দল ৪০৩ রানের বড় লিড নেয়। এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংসও দুইশ পেরোতে পারেনি।
সেঞ্চুরিয়ন টেস্ট ছিল ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দশম আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে দুটি টেস্ট ড্র করলেও বাকি ৮টি ম্যাচেই হেরেছে। এই সময়ের মধ্যে এশিয়ান গেমস ক্রিকেট, দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজ খেলেছেন লিটন-তানজিদরা। ৬টি টেস্টের মধ্যে ৪টিতে এবং দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে হেরেছে বাংলাদেশ দল।
ডারউইন টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইতে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় দেখায় শান্তর দল। দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট হওয়ার পর ম্যাচটি হেরে যায় ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। এরপর এশিয়ান গেমস ক্রিকেটে পূর্ণ শক্তির বাংলাদেশ টি-টোয়েন্টি দল র্যাংকিংয়ের সুবাদে সরাসরি নকআউটে খেলে। যেখানে বৃষ্টির কল্যাণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও খেলতে হয়নি লিটন দাসের দলকে। না খেলেই তারা সেমিফাইনালে ওঠে।
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে যাওয়া পাকিস্তান। কিন্তু তাদের বিপক্ষেও বাংলাদেশ ১৩ ওভারে ১১১ রান তুলতে সক্ষম হয়, যা পাকিস্তানের তরুণ দল ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে লিটন-মুস্তাফিজদের বিদায় নিশ্চিত করে। এরপর শ্রীলঙ্কার তরুণ দলের কাছে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও একই ফল। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এশিয়ান গেমস শেষে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেয়। সেখানে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিশ্চিত জয়ও পায়নি শান্ত-মুশফিকরা, সান্ত্বনা নিতে হয় ড্র করে। সেখানে বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে। দুই ম্যাচেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেন সৌম্য-শান্ত-সাইফরা। ফলে জিম্বাবুয়ের কাছে ৯৯ রান এবং আফগানদের কাছে ৭ উইকেটে হেরে ফাইনালের আগে বিদায়।
এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার প্রথম সুযোগ পেলেও এই সিরিজে ১-০ ব্যবধানে হেরে সেই স্বপ্ন ভেস্তে দেয় ফিল সিমন্সের দল। মিরপুর টেস্টে ৮ উইকেটে হারের পর সিলেট টেস্ট শেষ হয় ড্র নিয়ে।
সূত্র: কালবেলা .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন