হালুয়ারঘাট সেতু হলে বদলে যাবে সুনামগঞ্জের অর্থনীতি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:০৫

সুনামগঞ্জের হালুয়ারঘাটে সেতু নির্মিত হলে সদর ও দোয়ারাবাজার উপজেলার ছয়টি ইউনিয়নের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি ডলুরায় শুল্ক স্টেশন প্রতিষ্ঠার পথও সহজ হতে পারে। দীর্ঘদিনের এ দাবি ও সম্ভাবনা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের নিয়মিত আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোনাজ্জির হোসেন সুজন। সাক্ষাৎকার নিয়েছেন স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ।

দৈনিক সুনামগঞ্জের খবর: হালুয়ারঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এখনো বাস্তবায়ন না হওয়ার কারণ কী?
মোনাজ্জির হোসেন সুজন: হালুয়ারঘাট— ধারারগাঁও সেতু সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। সেতু নির্মিত হলে জেলার মানুষের জীবনমান, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত ১৭ বছরে সুনামগঞ্জ সদর এলাকাকে উন্নয়নের ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। জেলার উন্নয়ন হয়েছে একমুখী। ফলে অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন থেকে সুনামগঞ্জের মানুষ বঞ্চিত হয়েছেন। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশকে সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্যও এসব প্রকল্প বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করছেন। তিনি সংসদে প্রথম বক্তব্যেই হালুয়ারঘাট— ধারারগাঁও সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। এতে আমরা আশাবাদী, দীর্ঘদিনের এ দাবি এবার বাস্তবায়নের দিকে এগোবে।

দৈনিক সুনামগঞ্জের খবর: সেতুটি নির্মিত হলে ছয়টি ইউনিয়নের মানুষের কী ধরনের সুবিধা হবে?

মোনাজ্জির হোসেন সুজন: সেতুটি নির্মিত হলে সুনামগঞ্জের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। সুরমা নদীর পূর্বপাড়ের ছয়টি ইউনিয়নের মানুষের জেলা সদরে যাতায়াতের প্রধান অবলম্বন এখন নৌকা। এতে তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এছাড়া এসব এলাকার উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিয়ে আসা সম্ভব হয় না। ফলে কৃষকেরা অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। সেতু নির্মিত হলে এসব এলাকার মানুষ সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবেন। শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে। এতে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

দৈনিক সুনামগঞ্জের খবর: সেতু নির্মাণে সরকারের কাছে আপনাদের সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব কী?

মোনাজ্জির হোসেন সুজন: আমরা মনে করি হালুয়ারঘাট ও ধারারগাঁও সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, পরিকল্পনা প্রণয়ন ও অর্থ বরাদ্দের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এটি শুধু একটি সেতু নির্মাণের দাবি নয়, বরং সুনামগঞ্জের পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার দাবি। আমরা চাই, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিক।

দৈনিক সুনামগঞ্জের খবর: ডলুরায় স্থলবন্দর প্রতিষ্ঠার সঙ্গে হালুয়ারঘাট সেতুর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ?
মোনাজ্জির হোসেন সুজন: ডলুরায় একটি শুল্ক স্টেশন প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। আমাদের সংসদ সদস্য তাঁর নির্বাচনী ইশতেহারেও এ বিষয়ে কাজ করার কথা বলেছেন। আমরা মনে করি, হালুয়ারঘাটে সেতু নির্মিত হলে ডলুরায় শুল্ক স্টেশন প্রতিষ্ঠার দাবিও আরও জোরালো হবে। কারণ সেতুর মাধ্যমে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। দুটি উদ্যোগ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই সেতু নির্মাণকে ডলুরায় শুল্ক স্টেশন প্রতিষ্ঠার সম্ভাবনার সঙ্গেও বিবেচনা করা প্রয়োজন।

দৈনিক সুনামগঞ্জের খবর: সেতু হলে সুনামগঞ্জ শহরের পূর্বাঞ্চলে নতুন সড়ক যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা কতটা বাড়বে?
মোনাজ্জির হোসেন সুজন: সুরমা নদীর পূর্বাঞ্চলে কয়েক লাখ মানুষের বসবাস। তাদের সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনা গেলে সুনামগঞ্জের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষিপণ্যসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য সহজে জেলা সদরের বাজারে আনা যাবে। পরিবহন খরচ ও সময় কমবে, কৃষকেরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন ব্যবসা—বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। আমি মনে করি, সেতুটি নির্মিত হলে এটি সুনামগঞ্জের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের কী ভূমিকা রাখা উচিত?
মোনাজ্জির হোসেন সুজন: সুনামগঞ্জের উন্নয়নে সব রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সংসদ সদস্যদের জাতীয় সংসদে জেলার গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরতে হবে। সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরল অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন। সুনামগঞ্জ—সিলেট রেল যোগাযোগ প্রতিষ্ঠার দাবিও তিনি সংসদে তুলে ধরেছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। আমরা চাই, হালুয়ারঘাট— ধারারগাঁও সেতু নির্মাণের পাশাপাশি সুনামগঞ্জের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি। সেতুটি নির্মিত হলে পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে জেলা সদরের যোগাযোগ সহজ হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ডলুরায় শুল্ক স্টেশন প্রতিষ্ঠা এবং শিক্ষা—স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। তাই এই প্রকল্প বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৈনিক সুনামগঞ্জের খবর: হালুয়ারঘাট সেতু নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আপনার শেষ আহ্বান কী?
মোনাজ্জির হোসেন সুজন: সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হলে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। হালুয়ারঘাট— ধারারগাঁও সেতু নির্মিত হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা—বাণিজ্যের ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের এ দাবি বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার