প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২২:২১
সুনামগঞ্জ শহরের যানজট ও দুর্ঘটনা এড়াতে সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। কিছু অংশে কাজ শেষ হয়েছে, কিছু অংশে চলমান। কিন্তু নির্মাণাধীন ও সম্পন্ন হওয়া অংশেই সিএনজি, লেগুনা, মাইক্রো ও ইজিবাইকের স্টেশন গড়ে ওঠায় দীর্ঘদিনের ভোগান্তি লাঘব নিয়ে প্রশ্ন উঠেছে। সিএনজি মালিক সমিতির দায়িত্বশীলরা অবশ্য বলেছেন, সড়ক চালু হলে রাস্তায় গাড়ি থাকবে না এবং যাত্রীদের সুবিধাজনক স্থানে স্ট্যান্ড স্থানান্তর করা হবে।
সরেজমিনে দেখা যায়, শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় সিএনজি, লেগুনা ও কার এই তিনটি স্টেশন রয়েছে। এছাড়া জামতলার সামনে একটি সিএনজি স্টেশন, কোর্টের সামনে একটি স্ট্যান্ড, ব্রিজের সামনে মল্লিকপুরে একটি এবং নতুন বাসস্টেশন এলাকায় আরও একটি সিএনজি স্টেশন রয়েছে। সবগুলোই ফোরলেন সড়কের ওপর।
গণমাধ্যমকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, চার লেনের সড়ক হবে শুনে আমরা আশাবাদী হয়েছিলাম, কিন্তু শহরের মোড়ে মোড়ে যত্রতত্র স্ট্যান্ড হয়ে যাওয়ায় সেই ভালো লাগা আর থাকছে না। তিনি বলেন, এসব স্ট্যান্ড না সরালে শহরের জঞ্জাল ও দুর্দশা শেষ হবে না। পরিকল্পিতভাবে স্ট্যান্ড করা হলে সুফল পাওয়া যাবে, নইলে ঘিঞ্জি অবস্থা থেকেই যাবে।
জাহাঙ্গীর আলম বলেন, কাজ শেষ হওয়ার আগেই সড়ক দখল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরিবর্তন কী হবে, সে প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সড়কে অবৈধ যানবাহন রাখা বা স্ট্যান্ড বানানোর সুযোগ দেওয়া হলে জনভোগান্তি বাড়বে, কমবে না।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য খলিল রহমান বলেন, সুনামগঞ্জ—সিলেট সড়কের আলফাত স্কয়ার থেকে হাসন তোরণ পর্যন্ত অংশে চার লেনের কাজ হচ্ছে, যা আনন্দের খবর। তবে কাজ খুব ধীরগতিতে চলায় ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি বলেন, পুরাতন বাস স্টেশন, সুরমা ব্রিজের দুই পাশ ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর মাইক্রো, লেগুনা ও ইজিবাইক দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে এবং ইদানীং ভোগান্তি আরও বেড়েছে। তিনি বলেন, স্টেশন দরকার, তবে ট্রাফিক, প্রশাসন ও শ্রমিকদের সমন্বয়ে পরিকল্পিতভাবে আলাদা জায়গা নির্ধারণ করা উচিত।
হিউম্যান হলার (লেগুনা) সিলেট—০১০—এর সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিক মিয়া বলেন, সড়ক চালু হলে স্ট্যান্ডের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে এবং রাস্তা থেকে গাড়ি সরিয়ে নেওয়া হবে। আশপাশে জায়গা আছে, সেখানেই আলাদাভাবে স্ট্যান্ডের ব্যবস্থা করা হবে।
সুনামগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা, বেবিট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফোর লেনের সড়ক এখনো পুরোপুরি চালু হয় নি। হঠাৎ গাড়ি সরিয়ে নিলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা কোথা থেকে যাতায়াত করবেন? তিনি জানান, সড়ক চালু হলে রাস্তায় গাড়ি থাকবে না এবং যাত্রীদের সুবিধাজনক স্থানে স্ট্যান্ড স্থানান্তর করা হবে।
সওজ নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, শহরের চার লেনে অলমোস্ট ৭৫% অগ্রগতি আছে কাজের। এটার ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সময় আছে। আশা করতেছি আমরা ওই সময়ের আগেই কাজটা শেষ হয়ে যাবে। আসলে এই সড়কগুলি আমরা তৈরি করি, কিন্তু এই ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমাদের না। আমরা যখন ম্যাজিস্ট্রেট চাই, তখন ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে, উচ্ছেদ করতে পারি।
পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এর আগেও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের দাবি গাড়ি রাখার জায়গা দেওয়া নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছে। জায়গা দেওয়া হলে তারা রাস্তায় গাড়ি রাখবেন না বলে আশা করা যায়। এ বিষয়ে কার্যক্রম চলমান আছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন