ঝুলন্ত টয়লেটে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪৩

হাওরাঞ্চলের উপজেলা তাহিরপুরে প্রায়ই রয়েছে ঝুলন্ত টয়লেটের ব্যবহার। এর অধিকাংশই রয়েছে হাওর ও নদী তীরবর্তী গ্রামগুলোতে। সরকার দেশব্যাপী শতভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাহিরপুরে কাজ চালালেও এ পর্যন্ত তাহিরপুরে ৬০ ভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপিত হয়েছে বলে জানা যায়। উপজেলার ৭টি ইউনিয়নে ২৪৯টি গ্রামের মধ্যে হাওরপাড়ের গ্রামগুলোর শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের গ্রামগুলোতে ৪০ ভাগ লোকই খোলা বা ঝুলন্ত পায়খানা ব্যবহার করছে। ফলে নদী নালা হাওর বাওরের পানির সাথে মল মিশ্রিত হয়ে পানি দূষণ সহ পরিবেশ বিপর্যয় ঘটছে। এ থেকে ডায়রিয়া, আমাশয়, কৃমি, জন্ডিস সহ নানান পানিবাহিত রোগের জীবাণু ছড়াচ্ছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রাজধরপুর গ্রামের হাদিসনূর মিয়া বলেন, আমাদের গ্রামে ৩৮টি পরিবার রয়েছে। এর মধ্যে দু’চারটি পরিবার ছাড়া আমরা সবাই বাঁশের তৈরী ঝুলন্ত পায়খানা ব্যবহার করে আসছি।
তিনি আরও বলেন, আমাদের গ্রামটি দুর্গম এলাকাতে থাকার কারণে সরকারি বা বেসরকারি সংস্থার লোকজনের আসা যাওয়া এখানে নেই।
একই ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা উছমান গণি বলেন, তাদের গ্রামে দুইটি পাড়া মিলে ৭০টি পরিবার রয়েছে। এদের মধ্যে ৭/৮টি পরিবার ব্যতীত সবগুলো পরিবারই খোলা পায়খানা ব্যবহার করে আসছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজ হাসান বলেন, শতভাগ স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত না করা হলে রোগব্যাধি সহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এলাকার লোকজনকে রক্ষা করা যাবে না।
প্রতিবেশ প্রকল্পের টাঙ্গুয়ার হাওর সাইটের সাইট অফিসার মো. ইয়াহিয়া সাজ্জাদ বলেন, তাদের একটি জরিপে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৪০ ভাগ খোলা ল্যাট্রিন রয়েছে। এছাড়া শ্রীপুর উত্তর ইউনিয়নেও ২০ ভাগ খোলা ল্যাট্রিন মানুষ ব্যবহার করছে।
তবে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া হোসেন বলেন, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে প্রায় ৯০ ভাগ খোলা ল্যাট্রিন। এর মধ্যে যে কয়েকটি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন রয়েছে সেগুলোরও পাইপ লাইন সংযোগ হাওর ও নদীর মধ্যে রয়েছে।
তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আল আমিন বলেন, জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষ্যে কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনসচেতনতা মূলক একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে আলোচনা করে স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবহার শতভাগ উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার