প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১১
তাহিরপুরের পল্লীতে ঘুমন্ত স্বামী ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশী আতাউর রহমান নামে এক মানসিক প্রতিবন্ধী। শনিবার ভোররাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— কামালপুর গ্রামের নাসির উদ্দিন (৩৫) ও তার স্ত্রী শাবানা (২৫)। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত নাসির উদ্দিনের ভাবী নবিছা জানান, ৪/৫ দিন আগে নলকূপ থেকে শাবানা পানি আনতে গেলে আতাউর তার জা শাবানাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এ ঘটনায় নাসির উদ্দিন শ্রীপুর উত্তর ইউনিয়নে বিচার প্রার্থী হয়। তাদের ধারনা এ ঘটনায় আতাউর ক্ষিপ্ত হয়ে তার দেবর ও জা—কে কুপিয়ে গুরুতর আহত করে।
আতাউর রহমানের চাচা তরং গ্রামের মতিউর রহমান বলেন, ঘটনার পর বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামে আতাউর চলে আসে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দারের নির্দেশে আতাউর রহমানকে থানায় নিয়ে আসি।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বলেন, আতাউর রহমান পাগল, এলাকায় থাকলে আরও দুর্ঘটনা ঘটাতে পারে। এজন্য তাকে তার চাচা মতিউর রহমানকে বলেছি থানা হেফাজতে তাকে দিয়ে আসার জন্য।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান বলেন, আহত নাসির ও তার স্ত্রী শাবানা দুইজনের অবস্থা খুবই খারাপ। এজন্য তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পাগলের বিরুদ্ধে তিনি কোন আইনি পদক্ষেপ নিতে পারবেন না।
উপজেলার খবর থেকে আরো পড়ুন