প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫৪
তাহিরপুর উপজেলার মাহতাবপুর—বাদাঘাট সড়কে বজ্রপাত প্রতিরোধক ৫শ’ তালবীজ বপনের উদ্যোগ নিয়েছে মাহতাবপুর গ্রামের যুবসমাজ। তালবীজ বপন কাজে নিয়োজিত রয়েছেন— মাহতাবপুর গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসান ইমন সহ গ্রামের রাইবুল ইসলাম, ফরিদ গাজী, রুমেল মিয়া, আাসাদুল ইসলাম, ফরহাদ মিয়া, রসিদ মিয়া, জাহেদ হোসাইন, রিয়াজ আহমেদ রবিন প্রমুখ।
জাতীয় রাজস্ব বোর্ড আগারগাঁও অফিসে কর্মরত রাজস্ব কর্মকর্তা উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সাদিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় মাহতাবপুর ঈদগাহ ও কবরস্থান থেকে শুরু করে বাদাঘাট সোহালা সংযোগ রাস্তা পর্যন্ত ৫শ’ তালবীজ বপনের উদ্যোগ নেয়া হয়েছে। গত দু’দিন ধরে বৃহস্পতিবার পর্যন্ত রাস্তার দুইপাশে প্রায় দুইশত তালবীজ বপন করা হয়েছে। অবশিষ্ট তালবীজগুলোও আগামী দুই একদিনের মধ্যেই বপন করা হবে।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসান ইমন জানান, তাদের গ্রামের চট্রগ্রাম কাস্টম্স অফিসে চাকুরী করেন সাদিকুল ইসলাম। তিনি মাহতাবপুর—বাদাঘাট সড়কে বপনের জন্য ৫শ’ তালবীজ কিনে পাঠিয়েছেন। পরে তারা গ্রামের উৎসাহী যুবকদের নিয়ে রাস্তার দুইপাশে তালবীজ বপন শুরু করেছেন। তিনি আরও বলেন, তাল গাছ তাদের এলাকাতে নেই বললেই চলে। এ তালগাছগুলো বড় হলে রাস্তায় চলাচলকারী লোকজন বজ্রপাত থেকে রক্ষা পাবেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বলেন, একজন সরকারি কর্মকর্তার সহযোগিতায় মাহতাবপুর গ্রামের যুবকেরা তালবীজ বপনের উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এ তালগাছগুলো বড় হলে রাস্তায় চলাচলকারী লোকজন বজ্রপাত থেকে রক্ষা পাবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন