প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ১৮:২২
স্বাস্থ্য কমপ্লেক্সে
‘শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, রোগীদের চরম ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় রোগীদের ওয়ার্ডে ও নিচ তলায় আউটডোর ইউনিটে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ২টি উন্নয়ন মানের ফিল্টার বসানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালের সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিশুদ্ধ পানির সরবরাহের জন্য দুইটি ফিল্টার স্থাপন করেন। সংবাদ প্রকাশের পারে তড়িৎ গতিতে সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে দুইটি উন্নত মানের পানির ফিল্টার বসানো হয়েছে।
সরেজমিনে মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলায় আউটডোর ইউনিটে একটি ও হাসপাতালের তৃতীয় তলায় আবাসিক রোগীদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আরেকটি পানির ফিল্টার বসানো হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা জানান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দুইটি ফিল্টার প্রদান করা হয়েছে। এখন থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের ভিতরে নিচ তলায় আউটডোর ইউনিটে ও তৃতীয় তলায় আবাসিক ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ফিল্টার বসানো হয়েছে। আশা করি, আউটডোর ও ভর্তি রোগীরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন