প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৩ ০৮:০৫
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৮টি পদশূন্য
৪ শিক্ষক এ চলছে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে ১২ জন শিক্ষকের মধ্যে ৫ জন রয়েছেন কর্মরত। এরমধ্যে গণিতের শিক্ষক গত জানুয়ারি থেকে সিলেটে বিএড প্রশিক্ষণে রয়েছেন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদটি খালি রয়েছে দীর্ঘদিন ধরে। শূন্য পদে রয়েছে গণিত, ধর্ম, জীব বিজ্ঞান, চারুকারু ও কৃষি বিজ্ঞান বিষয়ের। কম্বাইন্ড এ বিদ্যালয়টিতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে ৬৩০ জন।
শিক্ষক সংকটে থাকায় তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন।
জানা যায়, ভাটির জনপদ সুনামগঞ্জের হাওর পরিবেষ্টিত তাহিরপুরে ১৯৫০ সালে উপজেলা সদরে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর ১৯৫৪ সালে নিম্ন মাধ্যমিক এবং ১৯৬০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। পরবতীর্তে ১৯৮৭ সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পূর্বে বিদ্যালয়টিতে ১৩ জন শিক্ষক ও ৫০০ জন ছাত্র—ছাত্রী থাকলেও জাতীয়করণের পর থেকেই বিদ্যালয়টিতে চলছে শিক্ষক সংকট। বিদ্যালয়টি জাতীয়করণের ৩ যুগ পরও কোন দিনই পূরণ হয়নি প্রধান শিক্ষকের পদ। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ বর্তমানেও শূন্য। বর্তমানে একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৪ জন। তাছাড়া বিদ্যালয়ে ২ জন সহকারী, ১ জন পিয়ন ও নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে বিজ্ঞান ভবনে কখনো ব্যবহারিক কোন ক্লাস নেয়া হয় না বলে জানান শিক্ষার্থীরা।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইতি মনি, সুবর্ণাসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের এসএসসি পরীক্ষা আসন্ন কিন্তু গণিত শিক্ষক না থাকায় আমরা এ বিষয়ে পরিপূর্ণ পাঠদান গ্রহণ করতে পারছি না।
শিক্ষার্থীরা জানায়, তারা ব্যক্তিগতভাবে বাইরের শিক্ষক বা কলেজ পড়–য়া শিক্ষার্থীদের কাছ থেকে গণিত শিখছে। স্কুলে শিক্ষকের কাছ থেকে গণিত শিখতে না পারায় অনেকের গণিত ভীতি কাটছে না। পরীক্ষার আগে অনেকের সিলেবাস সম্পন্ন করতে সমস্যা হচ্ছে।
ছাত্র অভিভাবক শ্রীদাম বর্মণ জানান, গণিতের শিক্ষক না থাকায় ছেলেমেয়েরা গণিত বিষয়ে বিদ্যালয়ে সঠিক কিছু জানতে পারছে না। সামনে এসএসসি ও জেএসসি পরীক্ষা শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারবে বলে মনে হচ্ছে না।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ কামাল বলেন, আমাদের শিক্ষক সংকট রয়েছে, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, সরকারী এই শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ করা প্রয়োজন, এ ব্যাপারে আমাদের চেষ্টা রয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট এর উপ—পরিচালক জাহাঙ্গীর কবীর বলেন, নতুন করে শিক্ষক নিয়োগ না দেয়ায় সরকারী স্কুলগুলোতে শিক্ষক পোস্টিং দেয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ ও পোস্টিং এর বিষয়টি ঢাকা থেকে করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন