প্রণোদনার বীজ ধানের অপেক্ষায় কৃষক

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৩ ০৭:৩৮

বোর ধানের চারা বুননের পুরো মৌসুমেও প্রণোদনার বীজ ধান না পাওয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাহিরপুরের শনির হাওরপাড়ের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর হাওরের পানি আগাম চলে যাওয়ায় বীজ ধান বুননের এখনই চূড়ান্ত সময় চলছে। এ অবস্থায় প্রান্তিক কৃষকরা বুকভরা আশা নিয়ে অপেক্ষায় আছেন কবে নাগাদ সরকারের দেয়া প্রণোদনার বীজ ও সার পাবেন। 
কৃষকরা জানান, গত কয়েক বছর ধরে প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে সরকার উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছে। কিন্তু যে সময়ে কৃষকরা বীজ ধান ও সার পেয়েছেন তা কোন কাজে লাগাতে পারেননি। কারণ হাওরে যখন পানির টান পড়ে সে মুহুর্তেই জমিতে বীজ ধান বুনন করতে হয়। এসময় না পেলে কৃষকরা অন্যের কাছ থেকে ধার—দেনা করে বীজ ধান বুননের কাজ শেষ করেন। এ অবস্থায় প্রণোদনার বীজ ধান থেকে অনেকেই চাল বের করে মুড়ি তৈরি করে আবার কেেউ কেউ ভাত রান্না করে খেয়েছেন বলে জানা গেছে।
উজান তাহিরপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বলেন, গত বছর প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ধান নিয়ে কাজে লাগাতে পারেননি। কারণ যে সময়ে তারা বীজ ধান পেয়েছে সে সময়ে হাওরে বীজ ধান বুননের সময় শেষ হয়ে গেছে।
তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শনির হাওরপাড়ের কৃষক বোরহান উদ্দিন বলেন, প্রান্তিক কৃষকদের প্রণোদনার বীজ পাওয়ার এখনই চূড়ান্ত সময়। কিছুদিন পরে প্রণোদনার বীজ পেলে তাদের কোন কাজে লাগবে না।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, প্রান্তিক কৃষকদের প্রণোদনার বীজ ধান এখনই দিতে হবে। গত বছর প্রণোদনার বীজ দেয়া হয়েছে হাওরের কৃষকদের বীজ বুননের শেষ মুহুর্তে। যে কারণে অধিকাংশ কৃষকরাই বীজ ধান থেকে চালভাজা তৈরি করে খেয়েছেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ—সহকারী কৃষি কর্মকর্তারা প্রান্তিক কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই প্রণোদনার বীজ ধান বিতরণের কাজ শুরু করা যাবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার