প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩ ০০:১০
তাহিরপুরে দু’দিনের টানা বৃষ্টিপাতে কৃষকদের বোর ধানের হালি চারার ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি বছর বোর মৌসুমের শুরুতে উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়াসহ সবক’টি হাওরপারের কৃষকরা বীজ ধান বুননের কাজ শুরু করেছিলেন। বিএডিসি’র বীজ ডিলারদের কাছ থেকে কেনা বীজ ধান প্রক্রিয়াজাত শেষে কৃষকরা জমিতে বীজ বুনন করছিলেন। অনেকেই আবার বীজ ধান বুননের কাজ সম্পন্ন করেছিলেন।
শনির হাওরপাড়ের গোবিন্দশ্রী গ্রামের কৃষক হারুনুর রশীদ জানান, তিনি ৮০ কেজি ব্রি—২৮ ও ৬৭ বীজ ধান বিএডিসি ডিলারের কাছ থেকে ৬ হাজার টাকার বীজ ধান কিনে তার জমিতে বুধ ও বৃহস্পতিবার হালিচারা বুনন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দিনভর টানা বৃষ্টিপাতের কারণে তার বুনন করা সকল বীজ ধান বৃষ্টির পানিতে ভাসিয়ে নিয়ে গেছে।
ভাটি তাহিরপুর গ্রামের কৃষক হেমেন্দ্র চন্দ জানান, তিনি তার জমিতে ৫ কেজি উফসী বীজ ধান বুনন করেছিলেন। শুক্রবার সকালে তিনি তার জমিতে গিয়ে দেখেন বুনন করা বীজ ধান বৃষ্টির পানিতে একবোরেই নিমজ্জিত হয়ে গেছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজান তাহিরপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বলেন, শুক্রবার তার বীজ ধান জমিতে বুনন করার কথা ছিল। বীজ ধানগুলো যথারীতি বুনন করার উপযোগীও ছিল।
টানা বৃষ্টিপাতের কারণে তিনি বীজ ধানগুলো বুনন না করে তার বসত বাড়ির একটি কক্ষে ছড়িয়ে রেখেছেন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, শনিবারও যদি বৃষ্টিপাত না কমে তাহলে তিনিও ক্ষতির সম্মুখীন হবেন।তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা বলেন, হঠাৎ করে টানা বৃষ্টিপাতের কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় তালিকা প্রণয়ন করে প্রণোদনার বীজ ধান ও সার দেয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন