হাতির পদতলে জমির ধান 

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৩ ২৩:২২

লোকালয়ে বন্যহাতি 

তাহিরপুর উপজেলার সীমান্ত অতিক্রম করে বন্য হাতি লোকালয়ে ঢুকে ধানের ব্যাপক ক্ষতি করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কয়েকটি গ্রামে। অনেকেই বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় আত্মীয়—স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।
শনিবার রাত আনুমানিক ৯টা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত হাতিগুলো উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গুপ টিলা এলাকার ‘দুরানী গুপ’র ধানের জমিতে হানা দেয়। এতে কৃষকদের প্রায় ৭ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমির ধান নষ্ট হয়েছে।
বড়গুপ গ্রামের কৃষক জয়দর আলী বলেন, ভারত থেকে আসা বন্য হাতির পাল আমার ৫ কিয়ার জমির ধান একেবারে নষ্ট করে ফেলেছে। মহাজনী সুদে ৩০ হাজার টাকা ধার এনে তিনি জমিগুলো রোপন করেছিলাম। আশা করেছিলাম, জমির ধান উঠিয়ে মহাজনী দেনা পরিশোধ করে ঘরের খোরাকির ধান উঠাবো। বন্য হাতির পাল আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। তিনি বলেন, হাতিগুলো প্রতিদিন রাত আনুমানিক ৮টা থেকে ৯টার দিকে আসে। আবার ভোররাতে চলে যায়।
বড়গুপ গ্রামের আনোয়ার হোসেন বলেন, ভারত থেকে আসা বন্য হাতির পাল আমার ও আমার প্রতিবেশী আক্তার হোসেনের ২ কিয়ার জমির ধান নষ্ট করে দিয়েছে।
কড়ইগড়া গ্রামের শঙ্কর মারাক বলেন, প্রায় মাসখানেক ধরেই হাতিরপাল ভারত থেকে বড়গুপ এলাকাতে আসছে। হাতি দেখে এলাকার লোকজন আতঙ্কে থাকে। অনেকেই প্রাণের ভয়ে টিন বাজায় ও শিঙ্গায় ফুক দেয়। রাতে জঙ্গলের ভিতরে বাজারের সাধারন টর্চলাইটে হাতিকে দেখা যায় না। সেজন্য আমি ঢাকা থেকে ৩ হাজার টাকায় একটি সার্চলাইট কিনে এনেছি, যাতে হাতি দেখা যায়।
তাহিরপুর উপজেলার দলইরগাঁও বনবিট কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বন্য হাতি এলাকাতে লোকালয়ে হানা দিলে আমরা সাধারণত এলাকার মানুজনকে ডেকে সচেতন করে থাকি। হাতিদেরকে তো আর মারা যাবে না। বর্তমানে একটি কাজে আমি ঢাকাতে অবস্থান করছি। শীঘ্রই এলাকাতে এসে মানুষজনকে ডেকে সচেতন করবো।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে সীমান্তের বিজিবি ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে পরামর্শক্রমে পরবর্তী ব্যবস্থা নেবো।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার