প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩২
শনির হাওরে স্লুইস গেট ফল বোর্ড লাগানো
শনির হাওরে পানি সংরক্ষণের লক্ষ্যে স্লুইস গেটের ফল বোর্ড লাগানোর সম্ভাব্যতা যাচাইয়ে নেমেছে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা’র নেতৃত্বে পরিদর্শক দল। বুধবার বিকেলে পরিদর্শক দল শনির হাওরের স্লুইসগেটে হাওরের পানি সংরক্ষণের বিষয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং হাওরপারের কৃষকদের সাথে কথা বলেন।
পরিদর্শক দলে থাকা তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, স্লুইসগেটের ৫টি গেটের মধ্যে শনির হাওরের ইজারাদার তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আখঞ্জি তার লোকজন দিয়ে স্বেচ্ছাশ্রমে দুইটি গেটের ফল বোর্ড লাগিয়ে দিয়েছেন। এতে হাওরের পানি আগের চাইতে অনেক কম যাচ্ছে। তিনি আরও জানান, হাওরের বোর ধান রোপনে পানি নিস্কাশন ও পানি সংরক্ষণ উভয়েরই প্রয়োজন। সেজন্য সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
পরিদর্শক দলে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আখঞ্জি, বোরহান উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য মিয়া হোসেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, তিনি সরজমিন শনির হাওরের স্লুইস গেট এলাকাতে গিয়েছেন। ওখানে দেখেছেন, দুইটি গেটে ফলবোর্ড লাগানো রয়েছে। বাকী গেটগুলোর ফলবোর্ড লাগানোর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন