প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২০:০৮
সংগৃহীত ছবি
জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে মানববন্ধনে বক্তব্য রাখেন কাজল মিয়া, ব্যবসায়ি সাইদুল আলম, আব্দুল গফফার, বাবুল মিয়া, বাজার কমিটির ক্যাশিয়ার ফজলুল করিম, সেক্রেটারি আসাদুল আলম সিদ্দিকী প্রমুখ।
বক্তারা বলেন, আলমগীর নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন আলমগীর বাড়ির সামনে তার মোটরসাইকেল রেখে বাড়িতে চলে যান। এ সময় অজ্ঞাতপরিচয় কেউ বা কারা মোটরসাইকেলের সামনের হেডলাইটের কাচের ফাঁকে ৩৫ পিস ইয়াবা রেখে যেতে পারে। বিষয়টি না জেনেই তিনি মোটরসাইকেল ব্যবহার করেন বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, সে দীর্ঘদিন যাবত ধানের ব্যবসার সাথে জড়িত। তার চলাফেরা খুবই নম্র ও ভদ্র এপর্যন্ত তার বিরুদ্ধে কোনো অশালীন কোনো কার্যক্রমে জড়িত নয়। সে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ধানের ব্যবসা করে আসছে। এমনকি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলো। কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন বক্তারা।
উল্লেখ্য, গত ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে অভিযান চালায়। এ সময় মানিগাঁও গ্রামের মো. আলমগীরকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পরে আলমগীরের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন