প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২০:২৪
সু.খবর ছবি
বর্ষার রূপ—সৌন্দর্য এবং বাঙালির আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যকে নৃত্যের ছন্দে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে নৃত্য সংগঠন ‘অয়নৃত্য’র বিশেষ আয়োজন ‘নীল নবঘনে’। শুক্রবার বিকালে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অয়নৃত্য'র প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সভাপতি মো. শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনাজ্জির হোসেন সুজন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ, নাট্যকর্মী সামির পল্লব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বর্ষাকেন্দ্রিক বাংলা সংস্কৃতি ও নৃত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় শিল্প—সংস্কৃতির বিকাশ ও প্রসার ঘটাতে এ ধরনের ধারাবাহিক আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন অতিথিরা।
আলোচনা সভা শেষে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক পর্ব। অয়নৃত্যের নৃত্যশিল্পীরা বর্ষার আবহে প্রকৃতি ও বাংলার লোকজ ঐতিহ্যনির্ভর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এর পাশাপাশি কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মাধ্যমে পুরো মিলনায়তনে এক দারুণ আবহ তৈরি হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন