শিক্ষাধারায় বৈষম্য দূর করতে হবে, যানজট নিরসনে নতুন সড়ক হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১০:১১

সংগৃহীত ছবি 

দেশের শিক্ষাব্যবস্থায় বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার মধ্যে চলমান কাঠামোগত বৈষম্য দূর করার তাগিদ দিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, এক দেশের ভেতরে কারিকুলাম ও দক্ষতার ভিন্নতায় আলাদা জনগোষ্ঠীর সৃষ্টি মানা যায় না। একই সঙ্গে সিলেটের দীর্ঘদিনের যানজট ও অবকাঠামোগত সমস্যা সমাধানে আম্বরখানা-লাক্কাতুরা সড়ক ও বিমানবন্দর-টিবি গেট বিকল্প সড়কসহ মেগা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে ‘রাইজ’ ও ‘ইউরো কিডস’ স্কুলের বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাব্যবস্থায় আধুনিকায়নের আহ্বান জানান মন্ত্রী। 

 

 


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে শিক্ষার ক্ষেত্রে একটি বড় গ্যাপ ছিল, যা এখনো পুরোপুরি পূরণ হয়নি। শিক্ষার মানোন্নয়নে আমাদের আরও অনেক দূর যেতে হবে। একই দেশে তিন ধারার শিক্ষাব্যবস্থা পরবর্তীতে শিক্ষার্থীদের ক্যারিয়ারে বৈষম্য তৈরি করছে উল্লেখ করে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমের সামঞ্জস্য বিধানের পাশাপাশি আধুনিক যুগের চাহিদায় সকল মাধ্যমে আইটি ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ওপর জোর দেন।

 

 

এর আগে সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় অংশ নেন মন্ত্রী। সেখানে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ, সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণ এবং ওসমানী বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের নির্দেশনার কথা জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, সিসিকের ৪২টি ওয়ার্ডের জলাবদ্ধতা দূরীকরণ ও ছড়া সংরক্ষণে প্রাকৃতিক পানির প্রবাহ বজায় রেখে সমন্বিত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে, যা সিলেটকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দেবে।

 

 

অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং রয়্যাল এডুকেয়ারের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্র: যুগান্তর .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার